২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নজরদারিতে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’

সম্প্রতি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবনী নির্ভর সিনেমা মুক্তির আগেই সেন্সর বোর্ডের কড়া নজরদারির মুখে পড়েছে ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 09:27 PM

Updated : 11 Apr 2022, 11:43 PM

বুধবার প্রকাশিত হয়েছে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবির পোস্টার ও সংক্ষিপ্ত টিজার। টুইটারে এ ছবির পোস্টারও প্রকাশ করেছন অনুপম খের। রাজনৈতিক ছবি হিসেবে বিতর্কের মুখে পড়তে পারে ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ এমনটা ধারণা করেছিলেন অনেকেই।  তবে শুটিং  শুরুর আগেই সেন্সর বোর্ড প্রধান পহলাজ নিহালানি’র বক্তব্যে বেশ আবাক হয়েছেন এ ছবির কলাকুশলীরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ নিয়ে এক বক্তব্যে সেন্সরবোর্ড প্রধান পহলাজ নিহালানি বলেন, “জীবনী নির্ভর সিনেমা তৈরির একটি নীতিমালা আছে। সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ছবির জন্য সে ছবির প্রতিটি চরিত্রের কাছ থেকেই লিখিত অনুমতির প্রয়োজন হয়। ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবির জন্য কি মনমোহন সিং ও সোনিয়া গান্ধীর কাছ থেকে অনুমতি পত্র নেয়া হয়েছে?”

নিহালানি আরও বলেন, “আগামী বছর এ ছবিটি যখন সেন্সর সনদের জন্য বোর্ডে জমা পড়বে তখন হয়ত আমি বোর্ডে থাকবো না কিন্তু নীতিমালার এক চুলও পরিবর্তন হবে না। মনমোহনজী, সোনিয়া গান্ধী ও ‍সিনেমায় দেখানো প্রতিটি চরিত্রের কাছ থেকে লিখিত অনুমতিপত্র ছাড়া কোনোভাবেই সেন্সর সনদপত্র পাবে না এ ছবি।”

সিনেমার ঘোষণা আসার পরপরই পহলাজ নিহালানির এমন বক্তব্যকে বিতর্কের পূর্বাভাস হিসেবেই মনে করছেন অনেকে। রাজনৈতিক ছবি হিসেবে এরই মধ্যে প্রশাসনের নজরদারির মধ্যে পড়েছে এ ছবিটি- এমনটাই ধারণা চলচ্চিত্র বিশেজ্ঞদের।

প্রধানমন্ত্রী থাকাকালীন মনমোহন সিংয়ের গণমাধ্যম উপদেষ্টা সঞ্জয় বরু রচিত একই নামের জীবনী অবলম্বনে সিনেমাটি তৈরি করছেন বিজয় রত্নাকর গুত্তে। এর চিত্রনাট্য লিখেছেন হংসল মেহতা।