মৌসুমীর ‘কেয়ামত থেকে কেয়ামত’ দেখেননি ওমর সানি
মাছরাঙা টেলিভিশনের ঈদ আয়োজন‘কেমিস্ট্রি’তে উপস্থিত হয়েছেন তারকাদম্পতি মৌসুমী-ওমর সানি।
সালমান শাহ-মৌসুমী অভিনীত নব্বই দশকের তুমুল জনপ্রিয় ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’। মৌসুমী অভিনীত প্রথম চলচ্চিত্রও এটি। চলচ্চিত্রটির সাফল্য চিত্রনায়িকা মৌসুমীর কেরিয়ারই বদলে দিয়েছিলো।
মুক্তির দুই যুগ পেরিয়ে গেলেও ছবিটি এখনও দেখে উঠতে পারেননি মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ঈদ আয়োজন ‘কেমিস্ট্রি’তে উপস্থিত হয়ে এমন বিস্ময়কর তথ্যই জানালেন এ তারকা।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে অকপটে নিজেদের সম্পর্কের রসায়ন আবিষ্কার করেছেন তারা।
ওমর সানি বলেন, “বলিউডের হিন্দি ছবিটি দেখেছিলাম। তাই কেন জানি বাংলাদেশের রিমেক ছবিটি দেখার আগ্রহ হয়নি কখনো।”
মৌসুমী-ওমর সানি জুটির বয়স ২৪ পেরিয়ে রজত জয়ন্তীতে পা রেখেছে। আর তাদের সংসার ২১ পূর্ণ হয়েছে। এ দীর্ঘ যাত্রায় টক-ঝাল-মিষ্টি নানান ধরনের অভিজ্ঞতা রয়েছে তাদের। অনুষ্ঠানে নিজেদের সম্পর্কে নানা মজার তথ্য জানিয়েছেন এ দম্পতি।
মাঝে একবার মৌসুমী ঘোষনা দিয়ে চলচ্চিত্র ছেড়ে দিয়েছিলেন। সে প্রসঙ্গেও প্রকৃত তথ্য জানিয়েছেন তিনি।
তিনি জানান, সালমান শাহের সঙ্গে জুটি ভাঙন, মান্নার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সত্যি গল্পগুলো।
স্বামীর প্রশংসা করতেও ভোলেননি। সংসারের এই দীর্ঘ যাত্রাপথে ওমর সানির সঙ্গে বোঝাপড়া মজবুত হয়েছে কারণ ওমর সানি বন্ধুর মত একজন স্বামী।
রুমানা মালিক মুনমুনের সঙ্গে দীর্ঘ আড্ডায় এখনও পর্যন্ত তাদের সম্পর্কের সব অজানা গল্পগুলো জানিয়েছিলেন জনপ্রিয় এ তারকা দম্পতি।
রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও এসএম হুমায়ূন কবীরের প্রযোজনায় ‘কেমিস্ট্রি’ প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন, রাত ১০টা ৩০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে।
