শাবনূরের প্রত্যাবর্তন
আবারো বড় পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন ঢালিউডের সুপারস্টার শাবনূর। চলতি বছরই মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘পাগল মানুষ’ সিনেমা।
রোমান্টিক গল্পের ‘পাগল মানুষ’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছেন শাহের খান। সিনেমাটির মূল নির্মাতা এম এ মান্নানের মৃত্যুর পরে সিনেমার বাকী অংশের দৃশ্যধারণের কাজ সম্পন্ন করেন নির্মাতা বদিউল আলম খোকন।
শাবনূরের প্রত্যাবর্তন ও সিনেমাটির মুক্তি নিয়ে যথেষ্ট আশাবাদী নির্মাতা বদিউল আলম খোকন। গ্লিটজকে তিনি বলেন, “সম্প্রতি আমরা সেন্সরবোর্ডের কাছ থেকে ‘পাগল মানুষ’ সিনেমাটির আনকাট ছাড়পত্র পেয়েছি। সিনেমাটি ঈদুল ফিতর ও ঈদুল আযহার মধ্যে কোনো একটি উপযুক্ত সময়ে আমাদের মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
তিনি আরো বলেন,“ ‘পাগল মানুষ’ সিনেমাটির আমি মূলত পাঁচ শতাংশ কাজ করেছি। এই সিনেমার ৯৫ শতাংশ কাজই সম্পন্ন করে গিয়েছিলেন সিনেমার মূল পরিচালক ও আমার ওস্তাদ এম এ মান্নান স্যার। সিনেমায় শাবনূরের অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমার বিশ্বাস সিনেমাটি মুক্তি পেলে বহুদিন পরে সিনেমাহলে আবারও শাবনূরের ভক্তরা ফিরে আসবেন এবং সবার কাছে সিনেমাটি বেশ ভালোই সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস।”
অন্যদিকে বহুদিন ধরেই ঢাকাই সিনেমার রুপালি পর্দা থেকে নিজেকে দূরে রেখেছেন চিত্রনায়িকা শাবনূর। কিন্তু দীর্ঘ বিরতির পরে আবারও তার অর্ধসমাপ্ত ‘পাগল মানুষ’ সিনেমার মাধ্যমে ভক্ত-দর্শকদের কাছে ফিরছেন তিনি।
২০১১ সালের জুনে শুরু হয় ‘পাগল মানুষ’ সিনেমার দৃশ্যধারণের কাজ।২০১২ সালের ২৯ ডিসেম্বর সিনেমার দৃশ্যধারণ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা সিনেমার নির্মাতা এম এ মান্নান। এরপরে সিনেমার দৃশ্যধারণের কাজ টানা চার বছর বন্ধ থাকে। ২০১৬ সালে সিনেমার হাল ধরেন নির্মাতা বদিউল আলম খোকন।
