২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে মুসলমানদের রোষের মুখে ফাতিমা

রমজান মাসে বিকিনি পরিহিত ছবি ইন্সটাগ্রামে প্রকাশ করে ভারতের মুসলমানদের রোষের মুখে পড়েছেন ‘দঙ্গল’ তারকা ফাতিমা সানা শেখ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 06:12 PM

Updated : 19 Aug 2022, 04:49 PM

বুধবার ফ্যাশন ম্যাগাজিন জি কিউয়ের জন্য মালদ্বীপের সমুদ্র সৈকতে বিকিনি পরে তোলা কিছু ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেন ফাতিমা। এরপর থেকেই মুসলমান ফলোয়ারদের রোষের মুখে পড়েন তিনি। অনেকেই বলছেন রোজার মাসে এরকম সংক্ষিপ্ত পোশাকের ছবি প্রকাশ করা অনুচিৎ।

আরফা ফাতিমা নামের একজন লিখেছেন, “আমার ‘দঙ্গল’য়ে ফাতিমা সানা শেখকে ভালো লেগেছিল, কিন্তু রমজানে তার মত একজন অভিনেত্রীর কাছ থেকে এমনটি আশা করিনি। অন্য মাসগুলোতে সে যা খুশি তাই পরতে পারে, কিন্তু রমজানের মতো পবিত্র মাসে কিছুটা হলেও তো সম্ভ্রম রক্ষা করে চলা উচিত।”

তৌসিফ গাজি নামের একজন লিখেছেন, “তোমার লজ্জা হওয়া উচিৎ। পতিতাদের উপযুক্ত উদাহরণ তুমি। নিজের নাম পাল্টে ফেল। তোমার মুখে থুথু।”

জাভেদ আলি লিখেছেন, “কেবল নামেই তুমি মুসলিম। এরকম ছবি দেওয়ার আগে একটুও লজ্জা হলো না?”

রাহি আবদুল্লাহ লিখেছেন, “রমজানে এমন ছবি? তওবা!”

 

বেশিরভাগ মুসলমানেরা ফাতিমার সমালোচনা করলেও কেউ কেউ তার পাশেও দাঁড়িয়েছেন। রাহুল নামের একজন লিখেছেন, “ছোট কাপড় ছেলেও পরে। কখনও কি কোনো পুরুষ তারকাকে দেখেননি, শার্ট খুলে নাচতে? ছোট কাপড়ে সমস্যা নেই, কিন্তু ছোট মানসিকতা চলবে না। এটাই তাদের পেশা। তোমাদের সব জায়গায় ধর্ম টেনে আনার খারাপ অভ্যাস তৈরি হয়ে গেছে।”

ফাতিমা এই মুহূর্তে অবস্থান করছেন মাল্টাতে। সেখানে শুটিং চলছে তার পরবর্তী ছবি ‘ঠগস অফ হিন্দোস্তান’-এর। সিনেমাতে তার সঙ্গে আরও অভিনয় করবেন আমির খান, অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফ। নিজের ছবি নিয়ে এইসব সমালোচনার এখনও কোনো জবাব দেননি তিনি।