আলিয়ার নতুন পদক্ষেপ
এ সময়ের অনেক জনপ্রিয় বলিউড অভিনেত্রীই অভিনয়ের পাশাপাশি সুনাম কুড়িয়েছেন প্রযোজক হিসেবেও। এবারে প্রিয়াঙ্কা চোপড়া ও আনুশকা শর্মার দেখানো পথ ধরে প্রযোজনায় আসছেন আলিয়া ভাট।
‘উড়তা পাঞ্জাব’ ও ‘ডিয়ার জিন্দেগি’ ছবির জন্য পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। সর্বশেষ ছবি ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ও ছিলো সুপারহিট। সব মিলিয়ে সময়টা বেশ ভালোই যাচ্ছে আলিয়া ভাটের। তবে স্রেফ অভিনেত্রী পরিচয়ে নিজেকে আর আটকে রাখতে চান না ‘হাইওয়ে’ অভিনেত্রী। এবারে তাই বাবা ও বোনের পথ ধরে প্রযোজনায় আসছেন তিনি।
ডেকান ক্রনিকল’-এর এক প্রতিবেদন বলছে, শিগগির নিজের নতুন ছবির কাজে হাত দিতে যাচ্ছেন আলিয়া। অনেক দিন ধরেই নাকি পছন্দের চিত্রনাট্য নিয়ে কাজ করতে চাইছেলেন তিনি। এ জন্য ঘুরেছেন বেশ ক’জন প্রযোজকের কাছেও। কিন্তু কিছুটা অফ-ট্র্যাকের গল্প হওয়ায় ছবিটি প্রযোজনা করতে রাজি হননি তারা। শেষে নিজেই নিজের ছবি প্রযোজনার সিদ্ধান্তে আসেন এ অভিনেত্রী।
আলিয়া ভাটের ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, “বেশ কিছুদিন ধরেই ছবি প্রযোজনার কথা ভাবছিলেন আলিয়া। প্রিয়াঙ্কা চোপড়া ও আনুশকা শর্মাকে দে্খে অণুপ্রাণিত হয়েছেন তিনি। তার বাবা মহেশ ভাট ও বোন পূজা ভাট দু’জনই সফল প্রযোজক। তাই এ বিষয়ে তাদের সঙ্গেও পরামর্শ করেছেন তিনি।”
সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছে প্রিয়াঙ্কা চোপড়ার প্রযোজনা সংস্থা ‘পার্পল পেবল পিকচার্স’য়ের মারাঠি সিনেমা ‘ভেন্টিলেটর’। এছাড়াও আনুশকা শর্মার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লিন স্লেট ফিল্মস’য়ের ব্যানারে নির্মিত ‘এনএইচ টেন’ ও ‘ফিল্লোরি’ হয়েছে ব্যবসা সফল। এবারে দেখা যাক প্রযোজক হিসেবে কতটা সুনাম কুড়াতে পারেন আলিয়া ভাট!
