২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেডিও জকি ও বোবা মেয়ের গল্পে  ‘চুপকথা’

একজন রেডিও জকি ও একজন বোবা মেয়ের প্রেমের গল্পে নির্মিত হলো নাটক  ‘চুপকথা’

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 08:09 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

শুধু কথা বলেই হৃদয় হরণ করে নেন এফএম রেডিওর আরজে। সাম্প্রতিক সময়ে এফএম রেডিওর এই অনুষ্ঠান উপস্থাপকদের জনপ্রিয়তাও ইদানীং কম নয়। নাটকে এবার সেই আরজে চরিত্রে অভিনয় করলেন চিত্রনায়ক নিরব।  ইভান সাইরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। নাটকটির চিত্রনাট্য লিখেছেন নাইস নূর।

তিনি বললেন, “আরজে চরিত্র নিয়ে অনেক নাটক নির্মিত হয়েছে। এই নাটকের গল্পে আমি ভিন্নতা পেয়েছি। নাটকে এক বোবা মেয়ের গল্প আছে। তার সঙ্গে একজন আরজের প্রেমে জড়িয়ে পড়ার গল্প এটি।”

নির্মাতা জানান, গত ৩ জুন ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়। নাটকে আরজে  চরিত্রে নিরবের বিপরীতে অভিনয় করেছেন এ সময়ের অভিনেত্রী সুপ্তি শেখ। এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী কাজী শুভ।

নাটকটি প্রসঙ্গে নিরব হোসেন বলেন,  “নাটকে আরজে চরিত্রে অভিজ্ঞতা অনেক মজার ছিল। অনেক নাটক ও ছবিতে অভিনয় করলেও এবারই প্রথম আরজে চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি উপভোগ করেছি। কাজটি করে ভালো লেগেছে।”

নাটকটি অচিরেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা সাখাওয়াত মানিক।