২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিসিনে অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র ‘আয়নাবাজি’

১৬তম টেলি-সিনে সোসাইটি অ্যাওয়ার্ড এর সেরা চলচ্চিত্রের পুরস্কার পেলো ‘আয়নাবাজি’। এবারের আসরে সম্মাননা পেলেন বাংলাদেশের ছয় তারকাও।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 06:29 PM

Updated : 11 Apr 2022, 11:42 PM

‘আয়নাবাজি’র জয়রথ যেন থামছেই না। বিশ্বের বিভিন্ন নামি দামি চলচ্চিত্রের আসরে সেরা চলচ্চিত্রের সম্মাননা অর্জনের পাশাপাশি চলচ্চিত্রটির সাফল্যের অগ্রযাত্রার যুক্ত হলো আরও একটি বিশেষ অর্জন। গতকাল ৪ জুন সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে টেলি-সিনে সোসাইটির ১৬তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের অ্যাওয়ার্ড পেয়েছে বহুল প্রসংশিত চলচ্চিত্রটি।

‘আয়নাবাজি’ পরিবারের পক্ষ থেকে ছবিটির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী এবং ছবির কাহিনিকার গাউসুল আজম শাওন অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আয়নাবাজি’ চলচ্চিত্রটির প্রযোজক ও টপ অব মাইন্ড এর সিইও জিয়াউদ্দিন আদিল এবং টম ক্রিয়েশনস এর সিইও সালমা আদিল।

টেলিসিনে অ্যাওয়ার্ড প্রাপ্তিতে উচ্ছ্বসিত নির্মাতা অমিতাভ রেজাও। তিনি বলেন,“  ‘আয়নাবাজি’ আজ সারা দেশে ব্যাপক সফলতা অর্জনের পর দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সীমানা পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে । ‘আয়নাবাজি’ সবার প্রত্যাশা অতিক্রম করে এখন দেশের আশা ও স্বপ্নের একটি বাহন হয়ে দাঁড়িয়েছে। চিন্তাকে চলচ্চিত্রে রূপান্তরিত করতে পারাই একটি অসাধারণ কাজ এবং তারপর সেটিকে লক্ষ্য লক্ষ্য মানুষের পছন্দে রূপান্তরিত করা তার চেয়েও অসাধারণ একটি কাজ। টেলি-সিনে সোসাইটির এই অ্যাওয়ার্ড প্রাপ্তি আমাদের চিন্তার সৃজনশীলতার জন্য স্বীকৃতিস্বরূপ।”

কলকাতায় অনুষ্ঠিত এ টেলিসিনে অ্যাওয়ার্ডে চলচ্চিত্র ‘আয়নাবাজি’ ছাড়াও বাংলাদেশের ছয়জনকে পুরস্কৃত করা হয়। বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য এবারের আসরে নায়করাজ রাজ্জাককে আজীবন সম্মাননা প্রদান করা হয়।  এছাড়া ‘শিকারী’ ছবির জন্য সেরা নায়কের পুরস্কার দেয়া হয় শাকিব খানকে। যৌথপ্রযোজনার চলচ্চিত্রের মাধ্যমে দুই বাংলার বড়পর্দায় স্থান করে নেওয়া নুসরাত ফারিয়াকেও পুরস্কৃত করা হয় এ আসরে। অনুষ্ঠানে তার পারফর্মেন্সও নজর কাড়ে সবার।

এছাড়া, সংগীতে বাংলাদেশ থেকে আইয়ুব বাচ্চু, হাবিব ওয়াহিদ ও কনাকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করা হয়। উৎসবে প্রত্যেকেই উপস্থিত থেকে তাদের সম্মাননা গ্রহণ করেন।