নতুন সিনেমায় অনিল কাপুরের বিপরীতে ঐশ্বরিয়া
নির্মাতা রাকেশ ওমপ্রকাশ মেহরার নতুন সিনেমা ‘ফ্যানি খান’-এ চুক্তিবদ্ধ হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করতে পারেন অনিল কাপুর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এব্যাপারে ‘রং দে বাসন্তি’ খ্যাত এই নির্মাতার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, “ঐশ্বরিয়া এখন রাকেশ ওম প্রকাশ মেহরার ছবিতে যুক্ত হয়েছেন। এটি একটি ড্রামা ঘরানার ছবি।”
সিনেমাটিতে ঐশ্বরিয়ার বিপরীতে অনিল কাপুর অভিনয় করতে পারেন বলেও দাবি করে ঐ সূত্র। এর আগে এই জুটিকে দেখা গেছে ২০০০ সালের সিনেমা ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ সিনেমায়।
ঐশ্বরিয়া অভিনীত সর্বশেষ সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পায় ২০১৬ তে। রণবীর কাপুরের বিপরীতে করণ জোহর পরিচালিত সিনেমাটি ছিল ওই বছরের অন্যতম বড় হিট।
কিছুদিন আগেই কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচা মাতিয়ে এসেছেন এই সাবেক বিশ্ব সুন্দরী। অন্যান্যবার কানে স্বামী অভিষেক বচ্চনকে নিয়ে হাজির হলেও এবারে তার সঙ্গী হয়েছিল কন্যা আরাধ্য। এবারের সফরে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে সাবলিল ভঙ্গিতে দাঁড়িয়ে মায়ের পাশাপাশি দৃষ্টি কেড়েছে ছোট্ট আরাধ্যও।
এব্যাপারে অ্যাশ বলেন, “ও যেহেতু আমার সঙ্গে গোটা বিশ্বে ঘুরছে এবং দেখছে আমি কী ধরণের কাজ করছি, সুতরাং আমি কী করি, সেটা এখন আর ওকে বুঝিয়ে বলার কিছু নেই। ও এসব দেখতে দেখতেই বড় হচ্ছে। আপনারাও দেখবেন, এখন সে গণমাধ্যমকে স্বাভাবিকভাবেই নেয়।”
