ভারতে প্রশংসিত খলনায়িকা প্রিয়াঙ্কা
যুক্তরাষ্ট্রের বক্সঅফিসে মুখ থুবড়ে পড়লেও ভারতে সাড়া ফেলেছে প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড অভিষেক ছবি ‘বেওয়াচ’। প্রিয়াঙ্কা অভিনীত খলনায়িকা ভিক্টোরিয়া লিডস’কে পছন্দ করছে ভারতীয় দর্শক।
দীর্ঘদিন ধরেই এই দিনটির প্রতীক্ষায় ছিলেন প্রিয়াঙ্কাভক্তরা। নিজ দেশে মুক্তি পেলো ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কার চোপড়ার প্রথম হলিউডি ছবি। আন্তর্জাতিক বাজারে সুনাম কুড়াতে ব্যর্থ হলেও নিজ দেশে প্রশংসিত হবেন এ সাবেক বিশ্বসুন্দরী- এমনটাই আশা তার শুভাকাঙ্খীদের। ২ জুন মুক্তির প্রথম দিনে দর্শক প্রতিক্রিয়া ছিলো ইতিবাচক।
ইন্ডিয়ান এক্সপ্রেস’য়ের প্রতিবেদন বলছে, প্রিয়াঙ্কার পাশাপাশি ডোয়াইন জনসন ওরফে দ্য রকের প্রতিও ভালোলাগার কথা জানিয়েছেন অনেক দর্শক।
ছবিটি দেখার পর হল থেকে বেরিয়ে এক দর্শক বলেন, “ছবিটি আমার খুবই ভালো লেগেছে। ডোয়াইন জনসন দ্য রকের অভিনয় সবচেয়ে ভালো লেগেছে। প্রিয়াঙ্কাকে হলিউডের পর্দায় দেখে খুবই গর্বিত হয়েছি। তার অভিনয়ও ছিলো দারুণ।”
এক ‘বেওয়াচ’ভক্ত জানিয়েছেন, “আমি টিভি সিরিজ ‘বেওয়াচ’য়ের প্রতিটি পর্ব দেখেছি। পামেলা অ্যান্ডারসন আমার পছন্দের নায়িকা। নতুন ছবিতে প্রিয়াঙ্কাকেও বেশ মানিয়েছে। বিশেষ করে ভিলেন লুকে তাকে অসম্ভব আকর্ষণীয় ও বলিষ্ঠ লাগছিলো।”
অভিনেতা-অভিনেত্রীর বাইরে ছবির নির্মাণ কৌশল ও গ্রাফিক্সের কাজেরও প্রশংসা করেছেন অনেক দর্শক।
অনেকেই ২০১৬’তে মুক্তিপ্রাপ্ত দীপিকা পাড়ুকোনের অভিষেক হলিউড ছবি ‘ট্রিপল এক্স: দ্য জেন্ডার কেইজ’-এর সঙ্গে তুলনা করেছেন ‘বেওয়াচ’-এর।
এক প্রিয়াঙ্কা-ভক্ত বলেন, “দীপিকার ‘ট্রিপল এক্স: দ্য জেন্ডার কেইজ’ ব্যবসাসফল হলেও তাতে দীপিকার অভিনয় তেমন একটা সাবলীল ছিলো না। তার চরিত্রটি ছবিতে খুব একটা গুরুত্বপূর্ণও ছিলো না। কিন্তু ‘বেওয়াচ’য়ের প্রাণ প্রিয়াঙ্কা চোপড়া। ছবির সব আলো কেড়ে নিয়েছে প্রিয়াঙ্কার ভিক্টোরিয়া লিডস চরিত্রটি। হলিউডের ছবিতে দেশি অভিনেত্রীকে দেখে খুব ভালো লেগেছে।”
এ মুহূর্তে ‘বেওয়াচ’য়ের প্রচারণায় বিশ্বের বিভিন্ন দেশে ঘুরছেন প্রিয়াঙ্কা চোপড়া ও ‘বেওয়াচ’ দল।
