শিল্পকলায় চলচ্চিত্র বিষয়ক বিশেষ কর্মশালা
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি)-এ্রর উদ্যোগে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র আয়োজনে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক বিশেষ কর্মশালা।
শিল্পকলায় শুরু হতে যাচ্ছে পাঁচদিনব্যাপী চিত্রনাট্য রচনা প্রশিক্ষণ এবং চলচ্চিত্রে জাতীয় ও আন্তর্জাতিক অনুদানের জন্য প্রকল্প প্রস্তুতকরণ বিষয়ক কর্মশালা। ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি)-এর উদ্যোগে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় কর্মশালাটি শুরু হবে আগামী ৯ জুন। কর্মশালার সমাপনী হবে ১৮ জুন।
মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসাইন মামুন এ প্রসঙ্গে গ্লিটজকে বলেন, “বাংলাদেশের তরুণ ও নতুন চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র কর্মীদের জন্য এই কর্মশালা তাদের নির্মাণযাত্রায় অত্যন্ত সহায়ক ও কার্যকর হবে বলে আমরা মনে করছি।”
তিনি জানান, কর্মশালায় শেখানো হবে চলচ্চিত্রের ভাষা কেমন করে গড়ে ওঠে, চলচ্চিত্রের প্রাথমিক ধারণা তৈরি হওয়ার প্রক্রিয়া, চিত্রনাট্যের প্রাথমিক ধারণা এবং হাতে-কলমে চিত্রনাট্য রচনা প্রশিক্ষণ, চিত্রনাট্য রচনার বিভিন্ন প্রয়োজনীয় ধারণাসমূহ, বাংলাদেশ সরকারের চলচ্চিত্র অনুদান প্রকল্পের জন্য সম্পূর্ণ চলচ্চিত্র নির্মাণ প্রকল্প তৈরির বিভিন্ন দিক এবং আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র অনুদান প্রদানকারী সংস্থার জন্য অনুদানের প্রকল্প প্রস্তুতের প্রশিক্ষণ প্রদান করা হবে।
কর্মশালায় প্রশিক্ষণপর্বে পাঠদান করবেন চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের, নাসির উদ্দিন ইউসুফ, আকরাম খান, অমিতাভ রেজা, শবনম ফেরদৌসী, প্রসূন রহমান, ওয়াহিদ তারেক, নির্মাতা আবিদ মল্লিক ও নাট্যকার মাসুম রেজা। কর্মশালাটি পরিচালনা করবেন বেলায়াত হোসেন মামুন।
তিনি আরও জানান, ৫ দিন মেয়াদী এ কর্মশালার ক্লাস হবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। কর্মশালাটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ০৯, ১০, ১৬, ১৭ ও ১৮ জুন। কর্মশালায় নিবন্ধনের শেষ তারিখ ৮ জুন ২০১৭। নিবন্ধনের জন্য করণীয়: প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টার মধ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের ৭ম তলায় ৭০১ নম্বর কক্ষে এসে এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং নিবন্ধন ফি পরিশোধ করে নিবন্ধন চূড়ান্ত করা যাবে।
