জাস্টিন বিবারে কনসার্টকে ‘সময়ের অপচয়’ বলে বিপাকে সোনালি
জাস্টিন বিবার-এর ভারত সফরের কনসার্টকে ‘সময়ের অপচয়’ বলায় সামাজিক যোগাযোগের মাধ্যমে বিবার-ভক্তদের রোষের মুখে পড়েছেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে।
ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত জাস্টিন বিবারের কনসার্টে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। কিন্তু কনসার্ট দেখে হতাশ হয়ে টুইটারে এ কনসার্টকে ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেন তিনি।
বুধবার ছেলেকে নিয়ে কানাডিয়ান পপ সঙ্গীতশিল্পী জাস্টিন বিবারের কনসার্ট দেখতে যান সোনালি বেন্দ্রে। অনুষ্ঠানে গিয়ে হতাশ হন তিনি। বিবারের গানের সঙ্গে গিটারটি ঠিক সুরে বাজছিলো না, এমনকি অধিকাংশ গানের সঙ্গে কেবল কণ্ঠ মিলিয়ে যাচ্ছিলেন বিবার। বাসায় ফিরেই তাই টুইটারে জানালেন তার হতাশার কথা।
টুইটার পোস্টে সোনালি লিখেছেন, “বিবারের কনসার্টে গিয়ে মনে হয়েছে পুরোটাই পণ্ডশ্রম। এ শুধু সময়ের অপচয়।”
সোনালির এ বক্তব্যকে ভালো চোখে দেখেননি বিবারভক্তরা। এ ঘটনায় সোনালিকে হেয় করে নানা রকম ট্রল তৈরি করেছে তারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বলিউডে খুব একটা সুবিধে করতে পারেননি সোনালি আর তাই বিবারকে নিয়ে তার বিষেদগারকে ঈর্ষার বহিঃপ্রকাশ বলে মনে অভিহিত করছেন বিবারভক্তরা। অনেকেই লিখেছেন, “বিবার ভারতে এসেছে তার ভক্তদের জন্য আপনার মতো নিন্দুকের জন্য নয়।”
অন্য এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, “বিবারের কনসার্ট সোনালির বলিউড কেরিয়ারের চেয়ে অনেক ভালো ছিলো।”
অনেকেই লিখেছেন, বিবারের মতো জনপ্রিয় হতে পারেননি বলেই তার কনসার্ট ভালো লাগেনি সোনালিসহ অনেক বলিউড তারকাদের।
বিবারভক্তদের কটাক্ষের জবাবে সোনালি লিখেছেন, “সবার মন্তব্য পড়ে খুবই মর্মাহত হলাম। আমি কেবল আমার মতামত ব্যক্ত করেছি কিন্তু আজকাল কেউ কারও ব্যক্তিগত মতামতকে শ্রদ্ধার চোখে দেখে না বলেই মনে হচ্ছে। আমাকে নিয়ে করা ট্রোলগুলো দেখে সত্যিই খুব অবাক হলাম। বিশেষ করে তাদের বিষেদগারের কর্কশ ভাষা আমাকে বিদ্ধ করেছে”।
তবে শুধু সোনালি নয় বলিউড তারকা বিপাশা বসু ও তার স্বামী করণ সিং গ্রোভার এবং পরিচারক অনুরাগ বসু সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম্যে জানিয়েছেন কনসার্টটি নিয়ে তাদের বিরক্তির কথা।
