২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তবর্তিকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা সত্বেও অনুষ্ঠিত হলো শিল্পী সমিতির শপথ গ্রহণ

ক্ষমতা হস্তান্তরে আদালতের অন্তবর্তিকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা সত্বেও শুক্রবার বিকেল ৫টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবের ভিআইপি প্রজেকশন রুমে অনুষ্ঠিত হলো নবনির্বাচিত শিল্পী সমিতির শপথ অনুষ্ঠান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2017, 05:57 PM

Updated : 11 Oct 2022, 01:59 PM

শুক্রবার বিকেলে শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত থাকলেও বৃহস্পতিবার রাতে তা স্থগিত করা হয়। আদালতের আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্যে বৃহস্পতিবার অন্তবর্তিকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালত। নির্বাচনে পরাজিত প্যানেলের প্রার্থী রমিজ উদ্দিনের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেয়।

ফলে শুক্রবার শপথ অনুষ্ঠান হচ্ছে না বলে বৃহস্পতিবার রাতে গ্লিটজকে জানিয়েছিলেন নির্বাচন কমিশনার আকবর। কিন্তু শুক্রবার বিকেলে পূর্ব নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হলো শিল্পী সমিতির নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান।

শপথ অনুষ্ঠানে শিল্পী সমিতির নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর নব নির্বাচিত কমিটির সভাপতি মিশা সওদাগরকে শপথ পাঠ করান। এরপর ধারবাহিকভাবে অন্য সদস্যদের শপথ পাঠ করান নতুন সভাপতি মিশা সওদাগর।

এ প্রসঙ্গে গ্লিটজকে আকবর বলেন, “আমরা ক্ষমতা হস্তান্তর করছি না, আমরা শুধুমাত্র শপথ পাঠ করাচ্ছি। ক্ষমতা হস্তান্তর তো করবে আগের কমিটি।”

অনুষ্ঠানে নির্বাচিত ২১ জনের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ১১ জন। সিনেমার দৃশ্যধারণের ব্যস্ততা থাকার কারণে সাইমন ও ইমন শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এছাড়া ফেরদৌস, মৌসুমী, জেসমিন সহ আরো অনেক শিল্পী ছিলেন অনুপস্থিত।

শপথ শেষে গণমাধ্যমকে মিশা সওদাগর বলেন, “বাংলা চলচ্চিত্রের পুরো পরিবার আমাদেরকে ভালোবেসে নির্বাচন করেছে। যারা আমাদেরকে ভালোবেসে নির্বাচিত করেছেন তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, আমাদের কমিটির সবাই মিলে আমাদের কাজের মাধ্যমে তার প্রতিদান খুব সুন্দর করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক, শিল্পী সমিতির নির্বাচনের আপিল বিভাগের দুই সদস্য খোরশেদ আলম খসরু ও শামসুল হক, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, নৃত্য পরিচালক মাসুম বাবুল।

৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে অভিনেতা মিশা সওদাগর সভাপতি ও জায়েদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।