ভোট দিলেন শাকিব খান
শুক্রবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৭-১৮) নির্বাচন। দুপুরে শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছিলেন চিত্রনায়ক শাকিব খান।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই বিএফডিসি প্রাঙ্গণ ছিলো বেশ উৎসবমুখর। বেলা যতই বাড়ছিলো ততই যেন তারকা ভোটারদের উপস্থিতি বাড়ছিলো। দুপুর ১টা নাগাদ ভোট দিতে ভোটকেন্দ্রে প্রবেশ করেন শাকিব খান। এই সময় কালো গাড়ি থেকে নেমে ভোটকেন্দ্রে প্রবেশের সময় তার ভক্ত ও সহশিল্পীদের উল্লাস ছিলো চোখে পড়ার মত।
ভোট প্রদান শেষে ভক্তদের সঙ্গে সেলফি তুলে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান শাকিব।
টানা দু’বার শিল্পী সমিতির সভাপতি ছিলেন শাকিব খান। কিন্তু এবার আর তিনি নির্বাচনে অংশ গ্রহণ করেনিনি। তবে নির্বাচনে ওমর সানি-অমিত হাসান প্যানেলকে সমর্থন দিয়েছেন ঢালিউডের এই সুপারস্টার।
এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়ছে তিনটি প্যানেল। নির্বাচনে মোট ২১টি পদে লড়ছেন ৫৭ প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৬২৪ জন।
