২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাহুবলী  টু’ দেখতে ঢাকা থেকে বিমানে করে কলকাতায় !

ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা ‘বাহুবলী টু’ নিয়ে ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশীদেরও আগ্রহ তুঙ্গে। সেই আগ্রহের বশেই ৪০ জন বাংলাদেশী বিমান ভাড়া করে ‘বাহুবলী টু’ দেখতে উড়াল দিয়েছেন কলকাতায় ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 08:56 PM

Updated : 11 Oct 2022, 01:57 PM

সম্প্রতি পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন কাটাপ্পা মারলেন বাহুবলীকে- এই প্রশ্নের উত্তর জানতে বিমান ভাড়া করে ঢাকা থেকে ৪০ জন দর্শক এসেছিলেন কলকাতার এক মাল্টিপ্লেক্সে। সেখানে ইভনিং শোতে তারা দেখেন সিনেমাটি।

চল্লিশজনের ওই দলে ছিল ১১ বছর বয়সী অথৈ। সিনেমাটি কেন দেখতে এসেছে, এমন প্রশ্নের উত্তরে সে বলেছে, “বাহুবলীর প্রথম পর্বে যে উত্তর পাইনি, তা জানতে দ্বিতীয় পর্বটা দেখতেই হত।”

তবে ‘বাহুবলী’র আগে দক্ষিণ ভারতীয় সিনেমা নিয়ে কোনো ধারণাই তার ছিল না বলেও জানায় অথৈ।

২৮ এপ্রিল মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে এস.এস রাজামৌলি’র ‘বাহুবলী টু’। প্রভাস, রানা দগ্গুবতী, সত্যরাজ, আনুশকা শেঠি, রম্য কৃষ্ণাণ, তামান্না ভাটিয়া অভিনীত সিনেমাটি প্রথম দিনেই আয় করে ১০০ কোটি রুপিরও বেশি। মুক্তির ছয় দিনের মাথায় ৮৬০ কোটি রুপি আয় করে এটিই এখন ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমা।

ভারতের পাশাপাশি সিনেমাটি মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই এবং রাশিয়াতে।