দীপিকা চটলেন তাকে ‘প্রিয়াঙ্কা’ বলায়
পশ্চিমা গণমাধ্যম বারবার তাকে প্রিয়াঙ্কা চোপড়া ভেবে ভুল করায় চটেছেন দীপিকা পাড়ুকোন। বলেছেন, এই ধরনের আচরণ পশ্চিমাদের বর্ণবাদী দৃষ্টিকোণেরই পরিচায়ক।
কিছুদিন আগেই ইউটিউবে একটি ভিডিওতে দেখা যায় ‘ট্রিপল এক্স : রিটার্ন অফ জ্যান্ডার কেইজ’- এর প্রচার চলাকালীন এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা দীপিকাকে ‘হ্যালো, প্রিয়াঙ্কা’ বলে ডাকলে কোনো সাড়া না দিয়ে গাড়িতে উঠে পড়েন তিনি। আরেকটি ভিডিওতে দীপিকা পাড়ুকোণের ছবির নিচের ক্যাপশনে লেখা ওঠে প্রিয়াঙ্কা চোপড়া’র নাম।
এতদিন বিষয়টা নিয়ে মুখ বুজেই ছিলেন দীপিকা। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে আর চুপ রইলেন না তিনি।
দীপিকা বলেন,“এই বিষয়টিতে কেবল আমারই নয়, আপনাদের সবারই আহত হওয়া উচিৎ। কারণ এটা কেবল অজ্ঞতা নয়, এটা একধরণের বর্ণবাদী আচরণ। দুটি মানুষ একই বর্ণের হলেও তারা দুজন ভিন্ন ব্যক্তি। সুতরাং ভারতীয হিসেবে আপনাদের উচিৎ এসব ভুলকে প্রশ্রয় না দিয়ে তাদেরকে সঠিক তথ্য জানানো।”
দীপিকার মন্তব্যটি এমন এক সময় এলো, যখন এই বিষয় নিয়ে সরব প্রিয়াঙ্কাও। কিছুদিন আগেই ‘হ্যালো, প্রিয়াঙ্কা’ ভিডিওটি সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি এটা দেখেছি এবং সত্যি বলতে এটা স্রেফ অজ্ঞতা এবং এটা মোটেই ঠিক নয়। হতে পারে বাদামী বর্ণের মানুষদের মধ্যে আমিই সবচেয়ে বেশি পরিচিত, কিন্তু বাদামী বর্ণের সব মেয়েই দেখতে একরকম নয়। চেষ্টা করুন আমাদেরকে আলাদা করতে। এটা একেবারেই ঠিক না এবং এটা অন্যায়। তিনি (দীপিকা) ভারতের একজন বড় তারকা।”
টিভি সিরিজ কোয়ান্টিকো দিয়ে যুক্তরাষ্ট্রে এখন বেশ পরিচিত মুখ প্রিয়াঙ্কা চোপড়া। সামনেই মুক্তি পাবে তার প্রথম হলিউডি সিনেমা ‘বেওয়াচ’। অন্যদিকে দীপিকা অভিনীত প্রথম হলিউডি সিনেমা ‘ট্রিপল এক্স : রিটার্ন অফ জ্যান্ডার কেইজ’ মুক্তি পেয়েছে চলতি বছরের শুরুতেই।
