২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘টিউবলাইট’ টিজারে সালমানের চমক

ভারতজুড়ে ‘বাহুবলী টু’ ঝড়ের মধ্যেই প্রকাশ পেল ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সালমান খান অভিনীত সিনেমা ‘টিউবলাইট’-এর টিজার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 07:22 PM

Updated : 19 Aug 2022, 04:32 PM

কবির খান পরিচারিত এই সিনেমাতেও সালমান হাজির হয়েছেন সহজ-সরল এক যুবকের ভূমিকায়, শিশুদের জন্য যার হৃদয়ে অফুরান ভালোবাসা। কিন্তু ইন্দো-চীন যুদ্ধের পটভূমিতে তৈরি হওয়া সিনেমাটির মূল আকর্ষণ বুদ্ধিপ্রতিবন্ধী সালমানের অস্বাভাবিক এক ক্ষমতা।

দুই মিনিটেই টিজারটির শেষে বলতে শোনা যায়, “আশা অনেকটা টিউবলাইটের মতো; জ্বলতে সময় নেয়, কিন্তু যখন জ্বলে ওঠে, গোটা ঘর আলোকিত হয়।” সংলাপটি যে সালমান অভিনীত চরিত্রটির ইঙ্গিতবাহী- সেটা আর বলার অপেক্ষা রাখে না।

টিজারে ক্ষণকালের জন্য দেখা গেছে অভিনেতা শাহরুখ খানকেও। সিনেমাতে তিনি এক জাদুকরের ভূমিকায় অভিনয় করেছেন। বৃহস্পতিবার প্রকাশিত টিজারটি ইউটিউবে এরইমধ্যে দেখা হয়ে গেছে পাঁচ কোটিবারেরও বেশি।

সিনেমায় সালমান ছাড়াও অভিনয় করছেন চীনা অভিনেত্রী জু জু এবং শিশুশিল্পী মাটিন রে টেঙ্গু। বিশেষ দুটি চরিত্রে অভিনয় করেছেন সালমান-এর ভাই সোহেল খান এবং প্রয়াত ওম পুরি।

২০১৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি ‘লিটল বয়’-এর ভারতীয় রিমেইক হলো ‘টিউবলাইট’। টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই দুই সিনেমার সাদৃশ্য ধরা পড়েছে দর্শকদের কাছে। কারণ ‘টিউবলাইট’-এর বেশকিছু দৃশ্য হুবহু মিলে যায় ‘লিটল বয়’-এর সঙ্গে।

২৩ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।