২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিলেন অক্ষয় ও সোনম

ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার ও সোনম কাপুর- এ খবর সবারই জানা। ৩ মে দেশটির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত এ আসরে রাষ্ট্রপতি প্রণব মুথার্জীর হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন তারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2017, 09:10 PM

Updated : 11 Oct 2022, 01:57 PM

‘রুস্তম’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার মুকুট জিতেছেন অক্ষয় কুমার। এ ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন বাদে কোনো বড় পুরস্কার পেলেন বলিউডের সর্বোচ্চ আয়ের তারকা। ‘নীরজা’ ছবিতে অভিনয়ের জন্য বিশেষ সম্মানজনক পুরস্কার জিতেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুরও। বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলো তাদের।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, পুরস্কার নিতে সপরিবারে অনুষ্ঠানে আসেন অক্ষয় কুমার। এ সময় স্ত্রী টুইঙ্কল খান্না ও ছেলে আরব কুমারকে সঙ্গে নিয়ে ছবির জন্য পোজ দিতে দেখা গেছে তাদের। সোনমের সঙ্গে এসেছিলেন বাবা অনিল কাপুর ও তার কথিত প্রেমিক আনন্দ আহুজা। অনুষ্ঠানে কালো স্যুট পরে এসেছিলেন অক্ষয় আর সোনমকে দেখা গেছে হালকা সবুজ রঙের নকশাদার শাড়িতে।

প্রথমবারের মতো সম্মানজনক এই পুরস্কার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অক্ষয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় ‘রুস্তম’ তারকা বলেন, “প্রথমবারের মতো জাতীয় পুরস্কার গ্রহণ করতে যাচ্ছি। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।” সহযোগিতার জন্য পরিবারের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

এবারের আসরের সেরা ছবি নির্বাচিত হয়েছে মারাঠি সিনেমা ‘কাসাব’। এছাড়া মালয়ালাম ভাষার ছবি ‘মিন্নামিনুনগু’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মালয়ালাম অভিনেত্রী সুরভি সি.এম।