সত্যজিতের জন্মশতবর্ষ নিয়ে বড় পরিকল্পনা পরিবারের
কিংবদন্তি বাঙালি চরচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়-এর ৯৭ তম জন্মদিনের অনুষ্ঠানে তার পুত্র সন্দীপ রায় বলেছেন ২০২১ সালে তার জন্মশতবর্ষ উদযাপনে বড় ধরণের পরিকল্পনা করছেন তারা।
দক্ষিণ কলকাতার ১/১ বিশপ লেফ্রয় রোডের বাড়িতে বাবার জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে অভ্যাগত অতিথিদের স্বাগত জানানোর সময় এব্যাপারে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে এক দীর্ঘ সাক্ষাৎকার দেন সন্দীপ। তিনি বলেন, “আমাদের পরিকল্পনা আছে। তবে, এখনই তা প্রকাশ করতে চাই না। শতবর্ষ আমাদের সবার জন্যই খুব বড় একটি ব্যাপার। আর তাই ১০০ তম বছরটির জন্য আমরা বড় কিছুই ভাবছি।”
মূল পরিকল্পনা বিষয়ে কিছু না জানালেও সত্যজিৎ-এর কর্মজীবন নিয়ে বিশাল এক প্রদর্শনীর আয়োজন করা হবে- এই তথ্য দিলেন তিনি।
“আমরা অবশ্যই তার কর্মজীবন নিয়ে অনেক বড় একটি প্রদর্শনী করবো। এই ব্যাপারে আমরা নিশ্চিত।”
প্রদর্শনীটি কি ভ্রাম্যমান হবে?
সন্দীপ-এর উত্তর, “অবশ্যই। এটাকে হতেই হবে। গোটা বিশ্বের ব্যাপারে জানি না, তবে ভারতে তো হবেই।”
‘অপু ত্রয়ী’, ‘জলসাঘর’, ‘প্রতিদ্বন্দ্বী’র মতো সিনেমার কারিগর যার বাবা, নিজেও পরিচালক হওয়ায় একটুও কি প্রত্যাশার চাপ অনুভব করেন না?
“অবশ্যই, তবে এসব নিয়ে আমি বেশি ভাবি না। এসব ভাবলে তো আর কাজ করা যাবে না!” স্ত্রী ললিতা’র সঙ্গে হাসিমুখে অতিথিদের সম্ভাষণ জানাতে জানাতে বলেন তিনি।
বাড়িতে আসা অতিথিদের মধ্যে তরুণ প্রজন্মের অনেককে দেখে সন্দীপ প্রকাশ করেন নিজের সন্তোষ। বাবার ঐতিহ্য এই প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন তিনি ‘ডবল ফেলুদা’, ‘টিনটোরাটোর যিশু’র মতো সিনেমা দিয়ে।
বাংলা সাহিত্যের জনপ্রিয়তম গোয়েন্দা প্রদোষ চন্দ্র মিত্তির, ওরফে ফেলুদাকে জানতে হলে সিনেমা নয় বইকেই অবলম্বন করার বিষয়েও মত দেন তিনি।
“কেউ যদি বাঙালি হয়, তবে ফেলুদা তাকে বাংলাতেই পড়তে হবে। এই ব্যাপারে বইগুলো পড়ার কোনো বিকল্প নেই। এটা অবশ্য দুর্ভাগ্যজনক, কারণ বইয়ের দোকানগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে,” বললেন সন্দীপ।
