শাকিবকে ক্ষমা করলেও রনীকে নয়
সোমবার চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৩টি সংগঠনের নেতারা শাকিব খানকে বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করলেও ‘রংবাজ’ সিনেমার ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সংবাদ সম্মেলন শেষে গ্লিটজকে এমনটাই জানিয়েছেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।
সম্প্রতি শাকিব খানকে ঘিরে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৩টি সংগঠনের সিদ্ধান্ত ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সিদ্ধান্তকে ন্যূনতম সম্মান না দেখিয়ে ‘রংবাজ’ চলচ্চিত্র নির্মাণের কার্যক্রম চালিয়ে যাওয়ার কারণে সিনেমার নির্মাতা শামীম আহমেদ রনী’র সদস্যপদ বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সোমবার বিএফডিসির পরিচালক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে শাকিব খানের বিষয়ে সমিতি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করলেও শামীম আহমেদ রনীর ব্যাপারে পূর্বের সিদ্ধান্তেই অটল রয়েছে সমিতি।
এ বিষয়ে গ্লিটজকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন,“শামীম আহমেদ রনী’র বিষয়টি আমাদের পরিচালক সমিতির নিজস্ব ব্যাপার। যেহেতু আমাদের পরিচালক সমিতি একটি সিদ্ধান্ত নিয়েছিলো যার প্রেক্ষিতে শাকিব খান সংশ্লিষ্ট বিষয়ে কাজ করা থেকে তাকে বিরত থাকার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিলো। কিন্তু আমাদের জানা মতে তিনি বিরত থাকেন নাই। বরং তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় ও অনলাইনে বক্তব্য দিয়েছে।আমাদের সমিতিকে ন্যূনতম সম্মানও দেখায়নি। সেজন্য তার সদস্যপদ বাতিল হয়েছে।”
তিনি আরো বলে,“এই ব্যাপারে সমিতির পরবর্তী সভায় তার (শামীম আহমেদ রনী’র ) প্রসঙ্গ আসলে আলাপ আলোচনা হতে পারে। যেহেতু আমাদের পরিচালক সমিতি তার সদস্যপদ বাতিল করেছে সেহেতু চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনগুলোও তাকে কাজের ক্ষেত্রে সহযোগিতা করবেন না।”
চলতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হয় বহু আলোচিত ‘রংবাজ’ সিনেমার দৃশ্যধারণের কাজ। সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলি। কিন্তু অনাকাঙ্খিত ঘটনার কারণে সিনেমার নির্মাতা শামীম আহমেদ রনীর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ বাতিল হওয়ার কারণে এখন ‘রংবাজ’ সিনেমার ভবিষৎ কোনদিকে যায় তাই এখন দেখার বিষয়।
