প্রকাশিত হলো ‘টিউবলাইট’য়ের প্রথম পোস্টার
সালমান খান মানেই নতুন চমক! ঈদ কিংবা দিওয়ালি সব অনুষ্ঠানেই হিট ‘সুলতান’ তারকা! সামনের ঈদে মুক্তি পেতে চলেছে সালমানের নতুন ছবি ‘টিউবলাইট’। সম্প্রতি প্রকাশিত হলো এর প্রথম পোস্টার।
কবির খান-এর বহুল আলোচিত ছবি ‘টিউবলাইট’কে ঘিরে শুরু থেকেই আগ্রহের কমতি নেই দর্শকের। চীন-ভারতের ঐতিহাসিক যুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত এ ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে চাইনিজ অভিনেত্রী জু জু কে। ছবিতে কেমন দেখতে লাগবে ‘বজরঙ্গি ভাইজান’কে? জবাব মিলবে ‘টিউবলাইট’য়ের নতুন পোস্টারে!
টুইটারে ‘টিউবলাইট’য়ের পোস্টারটি প্রকাশ করেছেন সালমান নিজেই। সঙ্গে ক্যাপশন লিখেছেন, “তোমাদের কি বিশ্বাস হচ্ছে না? যদি বিশ্বাস না হয় তো নিজের চোখেই দেখে নাও! ব্যাক হিজ ব্যাক।” একই কথা লেখা আছে সিনেমার পোস্টারেও। তাই পোস্টার দেখে দর্শকের মনেই হতে পারে এবারে তবে অবিশ্বাস্য কোনো কাহিনিই শোনাতে চলেছেন জুজু ও সালমান!
পোস্টারে স্যুট-প্যান্ট পরা সালমানকে দেখা যাবে একটি পাহাড়ের সামনে পিছন ফিরে দাঁড়িয়ে থাকতে। মাথায় পরা একটি টুপি ও ঘাড়ে ঝোলানো ব্যাগ। ‘টিউবলাইট’য়ের লক্ষণ চরিত্রে দর্শক সালমানকে দেখতে পাবেন এমনই এক চেহারায়।
২০১৫’র দিওয়ালীতে মুক্তি পাওয়া এ তারকার ছবি ‘প্রেম রতন ধন পায়ো’র পোস্টারে লেখা ছিলো ‘প্রেম ইজ ব্যাক’। সেই পোস্টারেও একইভাবে পিছন ফিরে দাঁড়িয়েছিলেন সালমান। তাই বোধহয় ‘টিউবটাইট’য়ের পোস্টারে সালমান লিখেছেন ‘ব্যাক হিজ ব্যাক’! অর্থাৎ আবারও পর্দা কাঁপাতে আসছেন সালমান!
কবির খানের পরিচালনায় এটি সালমানের তৃতীয় ছবি। এর আগে এই পরিচালকের ‘এক থা টাইগার’ ও ‘বজরঙ্গি ভাইজান’য়ের মতো ব্যবসাসফল সিনেমায় দেখা গেছে তাকে। এ সিনেমায় একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকেও।
