এক ফ্রেমে রানি আর বিগ বি!
মাতৃত্বকালীন বিরতির পর ফের শুটিঙে ফেরা রানি মুখার্জি’র নতুন সিনেমার সেটে হঠাৎ করেই হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন। এই দুই শিল্পীর সেসময় তোলা একটি ছবি এখন ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
রানি মুখার্জি আর অমিতাভ বচ্চন একসঙ্গে কাজ করেছেন বহু দর্শকপ্রিয় সিনেমায়। সঞ্জয় লীলা বনশালীর ‘ব্ল্যাক’ সিনেমায় তাদের অভিনয়ের জাদু মুগ্ধ করেছিল সবাইকে। ‘বাবুল’ সিনেমায় তাদেরকে দেখা গেছে শ্বশুর-পুত্রবধূর অনন্য এক সম্পর্কের আখ্যান নিয়ে। এছাড়াও ‘বান্টি অউর বাবলি’, ‘কাভি আলভিদা না কেহনা’র মতো সিনেমাতেও একসঙ্গে কাজ করেছেন তারা।
তবে মেয়ে আদিরার জন্মের জন্য দীর্ঘদিন পর্দার অন্তরালে থাকায় এই দুজনকে একসঙ্গে দেখা যায়নি অনেকদিন ধরেই। এবার মাতৃত্বকালীন ছুটি শেষে পুরোদমে নতুন সিনেমার কাজে হাত দিয়েছেন রানি। আর তাকে শুভকামনা জানাতেই অমিতাভ বচ্চন হাজির হয়েছিলেন রানি’র দিল্লির শুটিং সেটে।
আসলে ওই সময় দিল্লিতেই অক্ষয় কুমার অভিনীত পরবর্তী সিনেমা ‘প্যাডম্যান’-এর শুটিংয়ের কাজে এসেছিলেন বিগবি। সিনেমাতে আরও অভিনয় করেছেন সোনম কাপুর ও রাধিকা আপ্তেও। শুটিং শেষে তাই রানিকে একনজর দেখতে ছুটে গেছেন তিনি।
রানিকে যে নিজের মেয়ের মতোই স্নেহ করেন অমিতাভ বচ্চন, তারই প্রকাশ্য প্রমাণ যেন ছবিটি। ছবিতে রানিকে জড়িয়ে ধরে নতুন ছবির জন্য শুভকামনা জানাতে দেখা গেছে অমিতাভকে।
অতি সম্প্রতি তোলা ছবিটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে টুইটার, ফেইসবুক আর ইন্সটাগ্রামে। এমনকী নির্মাতা যোয়া আখতারও ছবিটি দেখে ইচ্ছা প্রকাশ করেছেন এই দুজনকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের!
