২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে কেমন দেখাবে কঙ্গনাকে?

ক’দিন আগেই ‘রেঙ্গুন’ ছবিতে চটকদার নারী চরিত্র ‘মিস জুলিয়া’ রূপে দেখা গেছে কঙ্গনাকে। সেই রেশ কাটতে না কাটতেই এবারে আরেক নতুন চরিত্রে দেখা যাবে তাকে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2017, 06:51 PM

Updated : 11 Apr 2022, 11:23 PM

বরাবরই নারীপ্রধান চরিত্রে অভিনয় করে আসছেন কঙ্গনা। এরই মধ্যে সাফল্যের সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলেছেন শক্তিশালী কিছু চরিত্র।  তারই ধারাবাহিকতায় নতুন ছবি ‘মনিকর্ণিকা’তে মধ্যযুগের আলোচিত নারী চরিত্র ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে দেখা যাবে বলিউডের দৃঢ় ও স্পষ্টভাষী অভিনেত্রী কঙ্গনা রানাউতকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এরই মধ্যে ‘মনিকর্ণিকা’র জন্য তলোয়ার নিয়ে যুদ্ধ করা ও ঘোড়ায় চড়া শিখতে শুরু করেছেন কঙ্গনা। এমনকি চরিত্রের প্রয়োজনে হাতির পিঠেও উঠতে দেখা যাবে এই তারকাকে। মধ্যযুগের এ রানির সত্যিকারের চরিত্র ফুটিয়ে তুলতে যা যা প্রয়োজনএ মুহূর্তে  ঠিক তাই রপ্ত করছেন কঙ্গনা।

সম্প্রতি প্রকাশিত রানি লক্ষ্মীবাঈ চরিত্রটির স্কেচ দেখে তেমনই এক তেজস্বী ও শক্তিশালী নারীর চেহারাই দেখতে পাবে দর্শক! পাগড়ি মাথায়, হালকা অলংকার ও ছোটো করে ছাটা কোঁকড়া চুলে যুদ্ধংদেহী এক অভিব্যক্তিতেই দেখা গেছে ‘মণিকর্ণিকা’কে!

রাধাকৃষ্ণ জগরলামুদি ওরফে কৃষ পরিচালিত এ ছবিটির চিত্রনাট্য লিখেছেন ‘বাহুবলী এক ও দুই’-এর চিত্রনাট্যকার কেভি বিজয়েন্দ্রপ্রসাদ। আসছে জুনে শুরু হতে যাচ্ছে ইতিহাসনির্ভর এ ছবির দৃশ্যধারণের কাজ।