কর্ণাটকে মুক্তি পাচ্ছে না ‘বাহুবলী-টু’?
মুক্তির আগেই নিষেধাজ্ঞার কবলে পড়তে হচ্ছে এস এস রাজমৌলি’র আলোচিত সিনেমা ‘বাহুবলী-টু’। এ ছবির অন্যতম প্রধান চরিত্র কাটাপ্পা’র ভূমিকায় অভিনয় করা সত্যরাজের বক্তব্যে কর্ণাটকের বিরুদ্ধে বিষোদ্গার রয়েছে এমন অভিযোগ তুলে এ ছবিকে বর্জন করার ডাক দিয়েছে কর্ণাটকের একটি সমাজিক সংগঠন।
ক’দিন আগেই ‘কাবেরি জলবন্টন’ ইস্যুতে কর্ণাটকের সমাজকর্মী ভাটাল নাগরাজের অবস্থানের সমালোচনা করেন ‘বাহুবলী’ তারকা সত্যরাজ। সম্প্রতি সত্যরাজের সে বক্তব্য ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে কর্ণাটক অধিবাসী ও কন্নড় ভাষাভাষীদের নিয়ে ব্যঙ্গ করতে দেখা গেছে সত্যরাজকে। সত্যরাজের এ ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ‘কন্নড় বিগ বস-চার’ এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী কির্ক কিরথি।
ব্যাঙ্গালোর মিরর’কে দেওয়া এক সাক্ষাতকারে কির্ক কিরথি বলেন, “কন্নড় ভাষাভাষী জনগণের জন্য সত্যরাজের এ বক্তব্য খুবই অপমানজনক। এ জন্য তাকে ক্ষমা চাইতে হবে। তা না হলে কর্ণাটকে ‘বাহুবলী’ মুক্তি দেয়া হবে না। আশা করি কর্ণাটকের জনগণ ও হল মালিকেরা বিষয়টির গুরুত্ব বুঝতে পারবে এবং আমাদের এ সিদ্ধান্তটি নিয়ে ভাববে।”
সমাজকর্মী ভাটাল নাগরাজ বলেন, “সত্যরাজ’কে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। শুধুমাত্র তা হলেই আমরা আমাদের দাবী থেকে সরে আসবো। তবে সেটা নির্ভর করবে সত্যরাজ কতটা আন্তরিকভাবে ক্ষমা চাইছেন তার উপর।”
এর আগে কর্ণাটক নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তামিল তারকা রজনীকান্তের উপরেও চটেছিলো কিছু কন্নড় সংগঠন। এ তারকার ‘শিবাজী’ সিনেমার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো সে সময়ে। পরে অবশ্য ক্ষমা চেয়ে পরিস্থিতি সামলে নেন রজনীকান্ত।
১০ এপ্রিল পুনরায় মুক্তি দেয়া হয়েছে ‘বাহুবলী-এক’। ২৮ এপ্রিল মুক্তির কথা রয়েছে ‘বাহুবলী-টু’ ছবিটির।
