২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় চলচ্চিত্র কেন্দ্র নির্মাণে আশ্বাস দিলেন মন্ত্রী

জাতীয় চলচ্চিত্র কেন্দ্র নির্মাণের আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ (এফএফএসবি) আয়োজিত জাতীয় চলচ্চিত্র সভায় মন্ত্রী তার বক্তব্যে এর প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2017, 07:14 PM

Updated : 11 Apr 2022, 11:22 PM

দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র নির্মাতা, কর্মীরা জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের দাবি তুলছেন। চলচ্চিত্র শিল্পের বিকাশ ও প্রসারের জন্য এই কেন্দ্র গুরুত্বপূর্ণ। এটি ঢাকার প্রাণকেন্দ্রেই নির্মিত হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পরে চলচ্চিত্র কেন্দ্র নির্মাণের মূল মডেল ও প্রস্তাবনা উত্থাপন করা হবে- জাতীয় চলচ্চিত্র সভায় প্রধান অতিথির বক্তব্যে এমনই আশ্বাস দিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নির্মাতাদের দাবির প্রেক্ষিতে তিনি আরও বলেন, ‘টেলিভিশন ও ফিল্ম ইনস্টিটিউট এবং ফিল্ম আর্কাইভের জন্য জায়গা যখন বের করে ফেলেছি, তখন চলচ্চিত্র কেন্দ্রের জন্যও জায়গা বের করে ফেলব। শাহবাগে পুলিশের অস্থায়ী ক্যাম্পটি সরিয়ে সেখানে এ কেন্দ্রটি নির্মাণ করা যায় কি না, তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।’

চলচ্চিত্র সংশ্লিষ্ট নেতৃস্থানীয় বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনায় জমজমাট হয়ে ওঠে জাতীয় চলচ্চিত্র সভা। সভার সভাপতিত্ব করেন নায়করাজ রাজ্জাক। তিনি বলেন, ‘এখন চলচ্চিত্র আন্দোলনের কর্মী, নির্মাতারা দুটি ধারা তৈরি করে ফেলেছেন। এভাবে চলতে চলতে তারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছেন। একদিন দেখা যাবে, চলচ্চিত্রই ধ্বংস হয়ে গেছে। এখন উভয় পক্ষের মধ্যে চাই একতা।’

নতুন নির্মাতাদের শুধু ‘সিনেপ্লেক্স’কে লক্ষ করেই সিনেমা নির্মাণের প্রবণতা উল্লেখ করে নায়করাজ তার বক্তব্যে বলাকা, মধুমিতা আর পুরোনো ঢাকার সিনেমা হলগুলোর জন্যও চলচ্চিত্র বানানোর অনুরোধ করেন।

সভায় জাতীয় চলচ্চিত্র কেন্দ্রের খসড়া উপস্থাপন করেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন। এতে বলা হয়, এই কেন্দ্রটি জাতীয় চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে প্রয়োজনীয় ও সহায়ক ভূমিকা পালন করবে। চলচ্চিত্র প্রদর্শনী, প্রশিক্ষণের মাধ্যমে কেন্দ্রটি এক অনুকূল পরিবেশ সৃষ্টি করবে, যা দেশের চলচ্চিত্র আন্দোলনকে আরও গতিশীল করবে।

প্রস্তাবনায় মামুন আরও উল্লেখ করেন, এতে যথাক্রমে সাতশ’, তিনশ’ ও দেড়শ’ আসনের তিনটি মিলনায়তন ও দেড়শ’ আসনের একটি সেমিনার মিলনায়তন রাখতে হবে। স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য দুই থেকে তিনটি প্রশিক্ষণ কক্ষ, অডিও-ভিজ্যুয়াল লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, অতিথিশালা, সভাকক্ষ থাকবে। চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রে অন্তত ৫টি কক্ষ বরাদ্দের সুপারিশ রয়েছে এই প্রস্তাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অভিনেতা-নির্মাতা-প্রযোজক সৈয়দ হাসান ইমাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ, চলচ্চিত্র নির্মাতা মসিহ্উদ্দিন শাকের, মোরশেদুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রমুখ।