২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে জন-মারজানের ‘পিরিতির কাঙ্গাল’

সম্প্রতি নির্মিত হলো ক্লোজআপ ওয়ান তারকা সালমার গাওয়া গান ‘পিরিতির কাঙ্গাল’ গানের মিউজিক ভিডিও। যার মাধ্যমে প্রথমবারের মত মিউজিক ভিডিওতে জুটিবেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক সাঞ্জু জন ও মুসাফির খ্যাত নায়িকা মারজান জেনিফা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2017, 06:55 PM

Updated : 11 Apr 2022, 11:22 PM

স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকার মধ্যে যে গভীর প্রেমের সম্পর্কের মধ্যে কখনো কখনো টানাপোড়েন তৈরি হলেও অবশেষে স্বামী-স্ত্রী কিংবা প্রেমিক-প্রেমিকা উভয় উভয়ের শেষ ঠিকানা হয়- এমন গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘পিরিতির কাঙ্গাল’ গানের মিউজিক ভিডিও। যা পরিচালনা করেছেন নির্মাতা অনন্য মামুন।

এ প্রসঙ্গে গ্লিটজকে অনন্য মামুন বলেন,“এই গানের মধ্যে দর্শকরা অনেক কিছু নতুন ছোঁয়া উপভোগ করতে পারবেন । শ্রীমঙ্গলে এই গানের দৃশ্যধারনের সময় গানটিকে বাস্তবসম্মতভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য টানা তিনদিন জন ও মারজানকে খাবার গ্রহণ ও গোসলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো।”

তিনি আরও বলেন, “মারজান জেনিফা ও সাঞ্জু জনকে সবাই এতদিন যেই রূপে দেখেছেন এই মিউজিক ভিডিওতে প্রথমবারের মত অন্যরুপে সবাই তাদের দেখতে পাবেন। আমার বিশ্বাস মিউজিক ভিডিওটি দর্শকদের ভালো লাগবে।”

অন্যদিকে গ্লিটজকে সাঞ্জু জন বলেন,“এটা আসলে মিউজিক ভিডিও না বরং এটা একটা মিউজিক্যাল ফিল্ম। গল্পের চরিত্রের জন্য আমি আমাকে পুরোদস্তুর ভেঙে ফেলেছি। যা চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করা যাবে না। আমার প্রত্যাশা সকলের এই কাজটি ভালো লাগবে।”

অন্যদিকে ‘পিরিতির কাঙ্গাল’ গানের কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। সুর ও সংগীত পরিচালনা করেছেন বেলার খান।

বাংলা নববর্ষ উপলক্ষে মিউজিক ভিডিওটি লাইভ টেকনোলজিসের ব্যানারে ১২ এপ্রিল ইউটিউবে প্রকাশ করা হবে বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন মামুন।