২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবী গানের শুটিঙে শাহরুখ-আনুশকা

ইমতিয়াজ আলির নির্মাণাধীন সিনেমার কাজে পাঞ্জাবী একটি গানের শুটিঙে অংশ নিলেন শাহরুখ খান ও আনুশকা শর্মা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 08:16 PM

Updated : 11 Oct 2022, 01:43 PM

আনুশকা শর্মার বলিউড অভিষেক হয় শাহরুখ খান-এর হাত ধরেই। ‘রব নে বানাদি জোড়ি’র পর ‘যব তক হ্যায় জান’ সিনেমাতেও দেখা গেছে এই জুটিকে। এবার ইমতিয়াজ আলির সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করছেন তারা। সিনেমার গল্প প্রেম নির্ভর এবং এর বড় একটি অংশের গল্প পাঞ্জাবের পটভূমিতে। আর তাই সিনেমার শেষ অংশের শুটিঙের জন্য পাঞ্জাবে অবস্থান করছে সিনেমার পুরো দল।

সেটের কয়েকটি ছবি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। ছবিতে শাহরুখকে দেখা গেছে পাগড়ি মাথার পাঞ্জাবী শিখদের বেশেই। আনুশকার পরনে ছিল কমলা-গোলাপী রঙের উজ্জ্বল ঐতিহ্যবাহি সালেয়ার-কামিজ, বেণীও বেঁধেছেন পাঞ্জাবী ঢঙেই।

এর আগেও ইমতিয়াজ আলির সিনেমার শুটিং-এর ছবি প্রকাশ পেয়েছে অনলাইনে। সেখানে হলুদ সর্ষে ক্ষেতের মধ্যে শাহরুখ-আনুশকাকে দেখে অনেকেরই মনে পড়ে গেছে কাজল-এর সঙ্গে শাহরুখের কালজয়ী সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র কথা।

আগস্টের ২৫ তারিখে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে সম্ভাব্য নাম হিসেবে একে ‘রেহনুমা’ বলেই ডাকছেন সবাই।