২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোনালিসা-সজলের ‘আমি তুমি ও সে’

ছোটপর্দার জনপ্রিয় মুখ মোনালিসা। যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন যাপন করলেও অনুপস্থিত নেই টিভি পর্দায়। বৃহস্পতিবার প্রচারিত হচ্ছে তার অভিনীত নাটক ‘আমি তুমি ও সে’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 06:38 PM

Updated : 11 Apr 2022, 11:20 PM

যুক্তরাস্ট্রে প্রবাস যাপন করলেও দীর্ঘদিন পর দেশে এসেছিলেন মোনালিসা। ফিরে গেছেন গেলো বছর জুলাইয়ে। সে দফায় শুটিংয়ে অংশ নিয়েছিলেন নাটকটির। মীর সামির রচনায় নাহিদ বাবুর পরিচালনায় ‘আমি তুমি ও সে’ নাটকে মোনালিসার বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেতা সজল। নাটকটি বিশেষ দিবস উপলক্ষ্যে প্রচারের কথা থাকলেও নানা জটিলতায় দর্শকের প্রচারে আসেনি নাটকটি। অবশেষে আগামীকাল মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হতে যাচ্ছে এটি। এমনটাই জানালেন নির্মাতা।

নাটকের গল্পে বিজলী চরিত্রে অভিনয় করেছেন মোনালিসা। নাসির চরিত্রে সজল। ভালোবাসার গল্পে নির্মিত এ নাটকের কাহিনিতে দেখা যাবে, নাসিরের সঙ্গে বিজলীর পরিচয় সুমির মাধ্যমে। সুমি নাসিরের স্কুল জীবনের বন্ধু। একদিন সুমি এসে নাসিরকে বলে, এই যে এই হলো বিজলী। ওর জন্য একটা মাইগ্রেশন ফরম এনে দে। ও মাইগ্রেশন করবে। ব্যস, এইটুকু পরিচয়। কয়েকদিন গেল এভাবে । লাইব্রেরীতে আর ক্যান্টিনে নাসির অন্য বন্ধুদের নিয়ে আড্ডা দিত। ধীরে ধীরে বিজলীও তাদের আড্ডায় নিয়মিত আসতে শুরু করে। নিজেদের মোবাইল নম্বরও আদান প্রদাণ। এক রাতে অনেক সাহস নিয়ে নাসির ফোন দিলো। বিজলী ফোন ধরলো। নাসির কথা না বলে কেটে দিল। এরপর নাসির আবারও ফোন দিল। কথা চললো সারা রাত। এভাবেই নিয়মিত তাদের কথা চলতে থাকল। চলতে চলতে কখন যেন দু’জন দু’জনকে মন দিয়ে ফেলেছে তারা নিজেরাও জানে না। শুরু হয় আরেক গল্প। ভালোবাসার গল্প।

এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে প্রেমের টেলিছবি ‘আমি তুমি ও সে’। এতে সজল মোনালিসা ছাড়াও অভিনয় করেছেন নীপা খান, শান্ত,  নাজমুল নয়ন, রাজেস, শাওন, জাকিব প্রমুখ।

মাছরাঙা টিভিতে ৬ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় প্রচার হবে নাটকটি।