২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখে হুমায়ূন আহমেদের ‘জহির কারিগর’

পহেলা বৈশাখে প্রচারের জন্য ফের নির্মিত হল হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ‘জহির কারিগর’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2017, 06:46 PM

Updated : 11 Apr 2022, 11:19 PM

জহির কারিগর কাঠ দিয়ে মনের মাধুরী মিশিয়ে তৈরি করে শাপ, ব্যাঙ এবং আরও নানা জিনিস। সহজ-সরল কারিগরের বাড়ি-ঘর দখল করে নিচ্ছে ভূমিদস্যু মতি মাস্টার, কিন্তু তাতে কোনো আপত্তি নেই জহিরের। জঙ্গলে গিয়ে ঘর বাঁধে জহির, তার জন্য মামার বাড়ি থেকে ভাত চুরি করে নিয়ে যায় মতি মাস্টারের ভাগ্নি নীলু।নীলু জহিরকে ভালোবাসে, জহির নীলুকে ভালবাসলেও অভাবের কারনে স্বীকার করে না। নীলুর বিয়ে দিয়ে মতি মাস্টার আপদ বিদায় করতে চায়, যদিও নীলুর বাবার রেখে যাওয়া সম্পত্তি ভোগ-দখল করেই সে এখন বিত্তবান। শেষপর্যন্ত বিয়ে করতে আসা বয়স্ক বরের সহায়তায় নীলুর সাথে বিয়ে হয় জহিরের।

এমন গল্পে হুমায়ূন আহমেদ নির্মাণ করেছিলেন ‘জহির কারিগর’ নাটকটি। নাটকে জহির চরিত্রে অভিনয় করেছিলেন তার সহকারি পরিচালক মোহাম্মদ ইব্রাহীম। এবার তিনিই পুনঃনির্মাণ করলেন নাটকটি। এই নাটকে জহির চরিত্রে দেখা যাবে নতুন মুখ পুষনকে। তার সঙ্গী হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সারিকা।

নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন লুৎফর নির্ঝর। ব্যক্তিজীবনে লেখক তিনি। হুমায়ূনের নাটকে দ্বিতীয়বারের মতো অভিনয় করলেন। গ্লিটজকে তিনি বলেন, অনেক আগে হুমায়ূন আহমেদের ‘আজ জরীর বিয়ে’ নাটকে অভিনয় করেছিলাম। আবার সুযোগ হল। নুহাসপল্লী ও তার আশেপাশের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে নাটকটির। গল্পের কোনো পরিবর্তন হয়নি।’

নাটকটি আসছে পহেলা বৈশাখে প্রচারিত হবে চ্যানেল আইতে।