বক্স-অফিসে আলোড়ন তুলতে ব্যর্থ ‘নাম শাবানা’
তাপসি পান্নু অভিনীত নতুন সিনেমা ‘নাম শাবানা’ প্রচারের সময় অনেক আলোচনার জন্ম দিলেও বক্স অফিসে দুই দিনে আয় করেছে মোটে ১১ কোটি ৪৯ লাখ রুপি।
শুক্রবার মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিন আয় করে ৫ কোটি ১২ লাখ রুপি। দ্বিতীয় দিনে অবশ্য দর্শক বাড়ে এই সিনেমার; আয় করে ৬ কোটি ৩৭ লাখ রুপি। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ বলছেন, মূলধন ঘরে তুলতে ‘নাম শাবানা’র প্রযোজকদের জন্য রোববারের ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ।
অক্ষয় কুমার অভিনীত ২০১৫ সালের সিনেমা ‘বেবি’র সাফল্যের উপর ভিত্তি করেই এর স্পিন অফ ‘নাম শাবানা’ তৈরি করেন এর নির্মাতারা। এবারের সিনেমাতে দেখানো হয়েছে প্রেমিকের মৃত্যুর প্রতিশোধ নিতে বেবি স্কোয়াড-এর সদস্য শাবানা খান-এর লড়াইয়ের গল্প।
সিনেমার আকর্ষণ বাড়াতে অতিথি চরিত্রে রাখা হয়েছে অক্ষয় কুমারকে। দক্ষিণের তারকা পৃথ্বীরাজকেও দেখা গেছে কিছুক্ষণের জন্য। কিন্তু তারপরও সিনেমাটি আশানুরূপ দর্শক টানতে পারছে না।
অক্ষয় কুমার অভিনীত সিনেমাটির প্রথম দিনের আয় ছিল ৯০ কোটি রুপির উপরে। কয়েক সপ্তাহের মধ্যেই সিনেমা শত কোটি রুপি আয় করে। তাই ‘নাম শাবানা’ নিয়েও নির্মাতাদের প্রত্যাশা ছিল তুঙ্গে। সেই মোতাবেক এর প্রচারের পেছনেও অনেক খরচ করেছেন তারা।
অনেকে অবশ্য বলছেন নারী কেন্দ্রিক সিনেমা হওয়ার কারণেই চলছে না ‘নাম শাবানা’। তবে স্বয়ং অক্ষয় কুমার বলছেন, এটা কোনো বড় ব্যাপার নয়।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, “ ‘ইংলিশ ভিংলিশ’, ‘ডার্টি পিকচার’-এর মতো ভুরি ভুরি নারীকেন্দ্রিক সিনেমার উদাহরণ দেওয়া যায়, যেগুলোর ব্যবসা খুবই ভাল হয়েছে। আসলে ‘নারীকেন্দ্রিক’ শব্দটা এখনকার সময়ে অচল; মূল চরিত্র নারী হোক, পুরুষ হোক- গল্প ভাল হলে সিনেমা দর্শক টানবেই। প্রচারের সময় আমার নামের উপর বেশি জোর দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সিনেমা টেনে নিয়ে গেছে তাপসি পান্নুই। আমার মতে এখনও পর্যন্ত ‘নাম শাবানা’ ভালোই ব্যবসা করেছে।”
