রিগাল থিয়েটারকে ঋষি কাপুরের আবেগঘন বিদায়
আশি বছরের পুরানো রিগাল থিয়েটার, যাতে বছরের পর বছর ধরে দেখানো হযেছে রাজ কাপুরের সব ছবি,সেই সিনেমা হল বন্ধ হতে চলেছে। হলটির বন্ধ হওয়ার প্রাক্কালে টুইটারে ঋষি কাপুর জানালেন এক আবেগঘন বিদায়।
সেন্ট্রাল দিল্লির রিগাল হলের সঙ্গে কাপুর পরিবারের যোগাযোগ অনেক দিনের। যৌবনে এই হলেই মঞ্চ নাটকে অভিনয করতেন রাজ কাপুর-এর বাবা পৃথ্বীরাজ কাপুর। পরবর্তীতে রাজ কাপুর নিজে এই হলটিকে তার সিনেমাগুলোর উদ্বোধনী প্রদর্শনীর নিয়মিত স্থানে পরিণত করেন।
ঋষি কাপুর
রিগাল থিয়েটার ঘিরে অনেক স্মৃতি রাজ কাপুর তনয় ঋষি কাপুর এর। বৃহস্পতিবার এক টুইট পোস্টে তিনি লিখেন, “ভেঙে ফেলা হবে! বিদায় দিল্লির রিগাল থিয়েটার। এমন এক জায়গা যেখানে কাপুর পরিবারের সব থিয়েটার নাটক আর সিনেমা প্রদর্শন করা হতো। ‘ববি’র প্রিমিয়ারও এখানে হয়েছিল! ধন্যবাদ।”
কাপুর পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে রিগাল থিয়েটারের শেষ দিনটিতে দেখানো হবে রাজ কাপুর অভিনীত‘মেরা নাম জোকার’ ও `সাধনা’ সিনেমাটি।
কাপুরদের সঙ্গে দীর্ঘদিনের স্মৃতি রোমান্থন করে রিগাল থিয়েটারের অন্যতম পুরানো কর্মচারী আমান সিং ভার্মা টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, “আমাদের হল ছিল রাজ কাপুরের সবচেয়ে প্রিয় সিনেমা হল। এখন হয়তো হল খালিই থাকে, কিন্তু একটা সময় ছিল যখন প্রিমিয়ারের আগের দিন থেকেই লোকে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতো। বিয়েবাড়ির মতো করে ফুলে ফুলে সাজানো হতো এটি। প্রযোজকেরা বিশেষভাবে তৈরি প্যামফ্লেট ছাপাতেন আর রাজ কাপুর, নার্গিস-এর মতো তারকারা লাল গালিচায় হেঁটে আসতেন।”
