২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলুন ও মুখোশ বিক্রেতার ভূমিকায় সজল

বড়পর্দায় সজল-এর যাত্রা খুব একটা সুখকর না হলেও ছোটপর্দায় প্রতিনিয়ত নিজেকে ভাঙছেন তিনি। বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে সাড়া ফেলছেন দর্শকমনে। 

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2017, 08:46 PM

Updated : 11 Apr 2022, 11:14 PM

ছোটপর্দার রোমান্টিক চরিত্রেই নিজেকে বারবার উপস্থাপন করলেও সজল এখন মনোযোগী ভিন্নধর্মী চ্যালেঞ্জিং চরিত্রে। সম্প্রতি ‘মইষাল’ নামের একটি নাটকে গাড়োয়ান চরিত্রে অভিনয় করে বেশ আলোচিত হয়েছেন তিনি। এবার তাকে দেখা যাবে একজন বেলুন ও মুখোশ বিক্রেতা হিসেবে। শিশুদের জন্য বেলুন ও মুখোশ বিক্রিই এই চরিত্রের উপার্জনের একমাত্র উপায়।

মাহমুদ দিদার-এর পরিচালনায় নাটকটির নাম ‘পৌষের হিমবুকে’। এতে সজলের বিপরীতে অভিনয় করেছেন স্বাগতা। পুরান ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, মগবাজারসহ বেশকিছু জায়গায় নাটকটির শুটিং সম্পন্ন হয় সম্প্রতি।

এ প্রসঙ্গে সজল বলেন, “আমি বরাবরই অভিনয়নির্ভর গল্পগুলোকে প্রাধান্য দেই। আমার দর্শকদের মধ্যেও এ ধরণের নাটকগুলো আলোচিত হয়ে আসছে।  এটা আমার জন্য বিশাল অর্জন। গল্প ও চরিত্রের যত গভীরে যাওয়া যায়, ঠিক ততটাই যাওয়ার চেষ্টা করি।”

তিনি আরও বলেন, “নতুন নতুন গল্প খুঁজে বেড়াই যেসব চরিত্র নিয়ে যেকেউ ভাববে, অভিনয়টা অনেক বেশি চ্যালেঞ্জিং। একজন অভিনেতা হিসেবে নিজের আনন্দটাও সেখানেই। ঠিক তেমনই একটি নাটক ‘পৌষের হিমবুকে’।”

নাটকটির পরিচালক মাহমুদ দিদার বলেন, “গল্পটি যে কারও মনকে ছুঁয়ে যাবে। গ্রামের একটি শিক্ষিত যুবক অর্থের প্রয়োজনে চাকরি না পেয়ে শহরে এসে বেলুন ও মুখোশ বিক্রি করে জীবন-যাপন করে। এই নাটকটি দেখলে যে কেউ অনুভব করতে পারবে একজন মুখোশ কিংবা বেলুন বিক্রেতার জীবনটা কেমন হয়। তার জীবনের কষ্টগুলোর চেহারা কেমন হয়। সজল বরাবরই এই ধরনের চরিত্রের মধ্যে নিজেকে খুব সহজেই মানিয়ে নেয়। তাই কাজটি সবদিক থেকেই পরিপূর্ণ। আশা করি দর্শকদের ভালো লাগবে।”

আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।