২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফজর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ‘অজ্ঞাতনামা’

বিশ্বচলচ্চিত্রের গুরুত্বপূর্ণ আসর ফজর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে নির্বাচিত হয়েছে তৌকির আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’। তথ্যটি গ্লিটজকে নিশ্চিত করেছেন এই জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুদ্র হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2017, 08:33 PM

Updated : 11 Apr 2022, 11:11 PM

‘হালদা’ চলচ্চিত্রের সম্পাদনার কাজ শেষে কলকাতা থেকে ফিরছেন তৌকির আহমেদ। তখনই জানলেন খবরটা। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিতব্য ৩৫তম ফজর ইন্টারন্যাশনাল ফিল্ম   ফেস্টিভালে  অফিসিয়াল সিলেকশানে এসেছে ‘অজ্ঞাতনামা’র নাম। এশিয়ান ও ইসলামিক দেশগুলোর প্যানোরামা বিভাগে বিশ্বের অন্যান্য চলচ্চিত্রের সাথে লড়বে তৌকির আহমেদের এ চলচ্চিত্র। আগামী ২১ এপ্রিল শুরু হয়ে উৎসবটি শেষ হবে ২৮ এপ্রিল।

কলকাতা থেকে গ্লিটজকে বললেন, ‘এই চলচ্চিত্র উৎসবটি বিশ্বের অন্যতম পুরনো ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব। এখানে চলচ্চিত্র নির্বাচিত হওয়া মানে দেশের জন্যই একটি গর্বের ব্যাপার। নিশ্চয়ই বিশ্ব চলচ্চিত্রে ইরানের অবস্থানও এখন বেশ গুরুত্বপূর্ণ। সে প্রেক্ষিতে আমি বেশ আনন্দিত।’

এর আগেও ‘অজ্ঞাতনামা’ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। ‘দ্য গডেস অন দ্য থ্রোন’শীর্ষক কসোভোর চলচ্চিত্র উৎসবে ছবিটির জন্য সেরা পরিচালকের পুরস্কার জেতেন তৌকীর। সেখানে সেরা চিত্রনাট্যকারের পুরস্কারও এসেছে তার হাতে। ‘অজ্ঞাতনামা’ ছবির জন্য ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালের পঞ্চম আসরে সেরা পরিচালকের পুরস্কার জেতেন এই নির্মাতা।

ইতালির গলফ অব নেপলস ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভালে ছবিটি অর্জন করে জুরি মেনশন অ্যাওয়ার্ড। এ ছাড়া গতবছর কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নেয় এটি। এছাড়া ইতালির ট্রেন্টোতে রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভাল ও ওয়াশিংটনের সিয়াটল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে অংশ নেয় ‘অজ্ঞাতনামা’।

এদিকে, ‘অজ্ঞাতনামা’র পর চলতি বছরই মুক্তি পেতে যাচ্ছে তৌকিরের নতুন ছবি ‘হালদা’। কলকাতায় চলচ্চিত্রটির সম্পাদনার কাজ চূড়ান্ত করে ফিরছেন তিনি। জানালেন, এ বছরের মাঝামাঝিতেই দেশে ও দেশের বাইরে মুক্তির পরিকল্পনা করছেন তিনি।