তুষির ‘না’
রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় এলেও বড়পর্দায় আর দেখাই মিলছে না তার। তাই বলে মুখ ভার করে রাখবার পাত্রী নন নাজিফা তুষি। অন্তর্জালে নতুন ব্যয়বহুল মিউজিক্যাল ফিল্ম দিয়ে চমক দিতে যাচ্ছেন তিনি-তেমনটাই জানালেন গ্লিটজকে।
রেদওয়ান রনির পরিচালনায় লাকী আখন্দের নিবেদনে ‘আবার এলো যে সন্ধ্যা’ গানে মডেল হয়েছিলেন নাজিফা তুষি। এবার মিউজিক্যাল ফিল্মে ‘না’। গল্পটি গড়ে উঠেছে ‘না’ শিরোনামের একটি মেলো রক গানকে ঘিরে। ভাইকিংস ব্যান্ডের সেতু চৌধুরীর কথা-সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন রনি। আর এটিকে গল্পে রূপান্তর করে মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন মুস্তাফি শিমুল।
এতেই দেখা মিলবে তুষির। তুষির সঙ্গে সহশিল্পী হিসেবে দেখা মিলবে র্যাম্প অঙ্গনের জনপ্রিয় মুখ ইফতেখার জায়েব এবং রক গানের তরুণ কণ্ঠশিল্পী রনির।
তুষি বললেন, সিনেমার অনেক অফার আসছে। কিন্তু এখনও ঠিক ‘আইসক্রিম’-এর পরের ছবিটার জন্য মন মতো স্ক্রিপ্ট পাচ্ছি না। কিছু আলাপ চলছে। তার আগে এই মিউজিক্যাল ফিল্ম টা করলাম। ভালো বাজেটের, বেশ আয়োজন করে কাজটি করা হয়েছে। ভালো লাগা থেকেই এতে মুখ দেখানো।’
ছবি: শিথিল রহমান
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র সহযোগিতায় ‘না’ নির্মিত হয়েছে প্রেক্ষাগৃহ’র ব্যানারে। যা চলতি মাসের ২৮ মার্চ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলসহ দেশের প্রায় সব ক’টি টিভি চ্যানেলে।
