২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিনেমাটিকে আটকালেও নতুন চিন্তাধারাকে থামাতে পারবে না’

‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’কে ভারতের সেন্সরবোর্ডের ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানানোর ঘটনা নিয়ে মুখ খুললেন সিনেমাটির প্রযোজক প্রকাশ ঝা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 06:41 PM

Updated : 11 Oct 2022, 01:33 PM

ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝা বলেন, “এটি একটি চমৎকার সিনেমা। আমাদের ক্ষুদ্র মানসিকতার এবং শোষণপ্রবন সমাজের ‘নারীরা তাদের কল্পনা নিয়ে কথা বলতে পারেনা’ ধারণাকে ছুড়ে ফেলে এই সিনেমা। এই সমাজ জীবনকে পুরুষের দৃষ্টিতে দেখে এবং সেন্সরবোর্ডের চিঠি প্রমাণ করে সেটাই।”

অলঙ্কৃতা শ্রীবাস্তব পরিচালিত সিনেমাটির গল্প এগিয়েছে চার ভারতীয় মুসলিম নারীর স্বাধীনতা নিয়ে নিজস্ব কল্পনাকে ঘিরে। সিনেমাটি এরইমধ্যে কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।

Image
প্রযোজক প্রকাশ ঝা

প্রযোজক প্রকাশ ঝা

এ ব্যাপারে প্রকাশ ঝা বলেন, “অন্য দেশগুলো যখন নারী স্বাধীনতাকে বরণ করে নিয়েছে এবং একে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে, আমাদের দেশের মান্ধাতার আমালের চিন্তাধারার লোকদেরকে এই সিনেমা স্মম্ভিত করে দিচ্ছে! তারা এটা বুঝতে পারছে না, সিনেমাটিকে আটকালেও এই নতুন চিন্তাধারাকে তারা থামাতে পারবে না।”

২৩ ফেব্রুয়ারি সিনেমাটিতে ‘অতিরিক্ত যৌনতা’র ব্যবহার এবং ‘নির্দিষ্ট একটি গোষ্ঠীকে লক্ষ্যবস্তুতে পরিণত’ করার অভিযোগে সিনেমাটিকে ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায় ভারতের সেন্সরবোর্ড। এরপরই সিনেমাটির উপরে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা’র অভিযোগ এনে একে নিষিদ্ধ করার দাবি জানায় একটি ধর্মভিত্তিক উগ্রপন্থি দল।

তবে বিষয়টি নিয়ে চুপ থাকেনি হিন্দি সিনেমার তারকারা। অনেকেই বলেছেন, সিনেমাটির উপর এমন অবরোধ বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ করার শামিল।