২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘জামাই পরীক্ষা’

একদিকে নাতনির বিয়েকে ঘিরে দাদার প্রচেষ্টা অন্যদিকে দাদার চোখে ফাঁকি দিয়ে প্রেমিককে বিয়ে করার পরিকল্পনার গল্পকে ঘিরেই আবর্তিত হয়েছে এই নাটক।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2017, 09:39 PM

Updated : 11 Oct 2022, 01:32 PM

নাতনির বিয়েকে কেন্দ্র করে দাদার সিদ্ধান্ত বাস্তবায়ণ করতে গিয়ে নাটকীয় সব ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক ‘জামাই পরীক্ষা’। নাটকটি নির্মাণ করেছেন এটিএম মাকসুদুল হক ইমু।

নাটকে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা ও কল্যাণ কোরাইয়া। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও অভিনয় করেছেন শাহজাহান চৌধুরী, সোহানা, স্নিগ্ধা, রিফাত প্রমুখ।  

নাটকের গল্পে দেখা যাবে, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নাতনি সোহানার জন্য পাত্র খোঁজা শুরু করেন দাদা অবসরপ্রাপ্ত কর্নেল শাহজাহান চৌধুরী। পুরো বিষয়টিকে ঘিরে চিৎকার চেঁচামেচি করে বাড়িতে রীতিমত গন্ডগোল বাঁধিয়ে ফেলে সোহানা। কিন্তু ইতমধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দেয়ার পর হুমড়ি খেয়ে পড়তে শুরু করে বিয়ে করতে আগ্রহী পাত্রগণ। ফলে বাড়িতে শুরু হয় পাত্রদের আনাগোনা। এর পর যোগ্য পাত্র বাছাই করতে বিভিন্ন বিষযে পরীক্ষা নিতে শুরু করেন সোহানার দাদা। অপর দিকে দাদার এমন পাগলামী দেখে নিজের ভালোবাসার মানুষ রিফাতকে জামাই হতে আসা পাত্রদের দলে অন্তর্ভুক্ত হয়ে পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করেন। প্রেমিকার কথা শুনে বিয়ের জন্য জামাই নির্বাচনের পরীক্ষায় যোগ দেন রিফাত। এমনই চরম নাটকীয়তার মধ্য দিয়ে শেষ পরিণতির দিকে এগিয়ে গেছে নাটকের কাহিনি।

Image
ছবি: ‘জামাই পরীক্ষা’ নাটকের দৃশ্য নির্মাতার সৌজন্যে।

ছবি: ‘জামাই পরীক্ষা’ নাটকের দৃশ্য নির্মাতার সৌজন্যে।

নাটকটি প্রসঙ্গে গ্লিটজকে এটিএম মাকসুদুল হক ইমু বলেন,“প্রেমের গল্প নিয়ে তো অনেক নাটকই নির্মাণ হয় কিন্তু আমি চেয়েছি প্রেমের গল্পকে একটু বিনোদনের মাধ্যমে দর্শকের কাছে উপস্থাপন করতে। বিয়ের ক্ষেত্রে পরিবারের চাপের মুখে নিজের প্রেমিককে কৌশলে পাত্র হিসেবে নির্বাচনের সব মজার ঘটনাগুলো দর্শকরা এই নাটকে উপভোগ করতে পারবেন। আমার বিশ্বাস নাটকটি সকল শ্রেণির দর্শকের ভালো লাগবে।”

নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান রিজভী।

সম্প্রতি গাজীপুরের পুবাইলে সম্পন্ন হয়েছে নাটকের দৃশ্যধারনের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।