২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসিফ-অধরা-সুমিতের ‘মাতাল’

রবিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের একটি চাইনিজ রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে নির্মাতা শাহিন সুমনের নির্মিতব্য নতুন সিনেমা ‘মাতাল’-এর মহরত। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার সিনেমায় কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন আসিফ নুর, অধরা খান ও সুমিত সেনগুপ্ত।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2017, 06:47 PM

Updated : 11 Apr 2022, 11:00 PM

সিনেমার নামকরণ ‘মাতাল’ প্রসঙ্গে গ্লিটজকে নির্মাতা শাহিন সুমন বলেন,“আমি অনেকদিন ধরেই এমন একটি গল্প নিয়ে ভাবছিলাম। সিনেমার গল্পের সঙ্গে এই নামটি সবচেয়ে বেশি মানানসই। ‘মাতাল’ শব্দটি আমাদের খুব পরিচিত একটি শব্দ। আমরা অনেকক্ষেত্রেই এই শব্দটি ব্যবহার করে থাকি। আসলে ‘মাতাল’ শব্দটি একটি প্রতিকী অর্থে ব্যবহার করা হয়েছে। তবে সিনেমার গল্পে এমন একটা মোচড় রয়েছে যা সিনেমাটি না দেখা পর্যন্ত কেউ বুঝতে পারবে না, কেন মাতাল নামকরণ হলো।” 

সিনেমার গল্পের মূল ভাবনা নির্মাতার হলেও সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান।

২০১৬ সালে ঢালিউডে ‘এক পৃথিবী প্রেম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিষিক্ত হয়েছেন আসিফ নুর। এছাড়াও নির্মাতা শাহিন সুমনের সঙ্গে ‘পাগলের মত ভালোবাসি’ সিনেমাতেও কাজ করেছেন তিনি। তাই পূর্বের কাজের অভিজ্ঞতা নাকি এই সিনেমায় পুরোটাই কাজে লাগাতে চান আসিফ।

এ প্রসঙ্গে গ্লিটজকে আসিফ নূর বলেন,“আমি সবসময় বিশ্বাস করি সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অভিজ্ঞতার ভাণ্ডার পরিপূর্ণ হয়। আমার অভিনীত প্রথম সিনেমায় আমার অভিনয় ও নাচের ক্ষেত্রে যেমন ধরনের দক্ষতা ছিলো পরবর্তীতে ‘পাগলের মত ভালোবাসি’ সিনেমায় কাজ করতে গিয়ে সেই দক্ষতা আরো অনেক বেশি বেড়েছে। তাই প্রথম সিনেমায় আমার চোখে যে ভুলগুলো ধরা পড়েছে সেগুলো শুধরে ও দ্বিতীয় সিনেমায় অভিনয় করতে গিয়ে যতটুকু শিখেছি তার সবটুকু আমি ‘মাতাল’ সিনেমায় ঢেলে দেবো।”

সিনেমায় কেন্দ্রিয় নারী চরিত্রে অভিনয় করছেন নবাগত অধরা খান। সিনেমায় চরিত্র সম্পর্কে জানতে চাইলে মিষ্টি হেসে কৌশলী উত্তর দিলেন তিনি।

গ্লিটজকে অধরা বলেন,“এই চরিত্রে অভিনয় করার জন্য আমাকে যথেষ্ট প্রস্তুতির মধ্যে দিয়ে নিজেকে তৈরি করতে হয়েছে। আর সিনেমার নাম যেহেতু ‘মাতাল’ সেহেতু চরিত্রটা কেমন ধরনের, হচ্ছে তা না হয় সিনেমা মুক্তির আগে পর্যন্ত তোলা থাক।”

অন্যদিকে ‘মাতাল’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে সুমিত সেনগুপ্ত গ্লিটজকে বলেন, “নির্মাতা শাহিন সুমনের সঙ্গে ‘পাগলের মত ভালোবাসি’ সিনেমায় আমি অভিনয় করেছি। সেই সিনেমায় কাজ করতে গিয়ে আমি আবিষ্কার করেছি তিনি কতটা আধুনিক। সিনেমার গল্পটা যেমন সু্ন্দর, তেমনি সিনেমার টিমটাও খুব ভালো। আর সত্যি বলতে গেলে নির্মাতার প্রতি অন্ধ বিশ্বাসের জায়গা থেকেই আমি সিনেমায় কাজ করতে রাজি হয়ে গিয়েছি।”

‘মাতাল’ সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করবেন সাদেক বাচ্চু, জয় রাজ সহ আরো অনেক। সিনেমায় থাকছে মোট পাঁচটি গান। যার মধ্যে থাকছে একটি আইটেম গান।   

সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাস থেকে শুরু হবে সিনেমার দৃশ্যধারণের কাজ। ঢাকার বিভিন্ন লোকেশন সহ কাপ্তাই,রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজারে শুটিং হবে বলে গ্লিটজকে জানিয়েছেন নির্মাতা।