২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে নিষিদ্ধ হলো ‘রইস’

পাকিস্তানের সিনেমা হলে মুক্তির কথা থাকলেও ‘আপত্তিকর বিষয়’ উপস্থাপনের অভিযোগে নিষিদ্ধ করা হলো শাহরুখ খান অভিনীত ‘রইস’।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 06:42 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

১২ ফেব্রুয়ারি পাকিস্তানে মুক্তি পাচ্ছে বলিউড সিনেমা ‘রইস’- এমনটাই জানানো হয়েছিলো দেশটির তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে।কিন্তু সিনেমাতে ইসলামকে ছোটো করা হয়েছে এবং মুসলিমদের সন্ত্রাসী ও অপরাধী হিসেবে দেখানো হয়েছে-এমন অভিযোগের ভিত্তিতে পাকিস্তানে নিষিদ্ধ করা হয় এটি।

আইএনএস জানায়, পাঞ্জাবের সেন্সর বোর্ডের সভায় সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে ভারতীয় সিনেমাসহ সকল বিদেশী সিনেমার উপর থেকেই আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলো পাকিস্তান সরকার। তারই ধারাবাহিকতায় ‘কাবিল’ সহ অন্যান্য বলিউড সিনেমার প্রদর্শনে কোনো বাধা নেই।

পাকিস্তানের সেন্সর বোর্ডের একটি সূত্র বলছে, “ইসলাম ও মুসলিমদের ছোটো করা এবং একটি নির্দিষ্ট ইসলামী গোষ্ঠীর (শিয়া) অনুভূতিতে আঘাত করায় পাকিস্তানে মুক্তি পাচ্ছে না ‘রইস’।”

রাহুল ঢোলাকিয়া পরিচালিত এ সিনেমাটিতে অভিনয় করেছেন শাহরুখ খান ও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। পাকিস্তানি তারকা থাকায় ভারতেও উগ্রপন্থী দলের তোপের মুখে পড়েছিলো এ সিনেমাটি।