২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় চলচ্চিত্রগ্রন্থ ‘চলচ্চিত্রের সাথে বোঝাপড়া’

বইমেলায় প্রকাশিত হল বেলায়াত হোসেন মামুন রচিত  চলচ্চিত্র বিষয়ক গ্রন্থ ‘চলচ্চিত্রের সাথে বোঝাপড়া’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 07:43 PM

Updated : 11 Apr 2022, 10:56 PM

চলচ্চিত্র নির্মাতা, লেখক ও চলচ্চিত্র সংগঠক বেলায়াত হোসেন মামুন দীর্ঘদিন ধরে স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও সংগঠক হিসেবে ভূমিকা রেখে আসছেন। মুভ্যিয়ানা ফিল্ম সোসাইটিজের মাধ্যমে নিয়মিত আয়োজন করে আসছেন চলচ্চিত্র বিষয়ক কর্মশালা, প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠান। এবার এক মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে জানালেন নিজের বই প্রকাশের খবর।

‘চলচ্চিত্রের সাথে বোঝাপড়া’ শীর্ষক বইটির আনুষ্ঠানিক প্রকাশের দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ, বরেণ্য চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, কথাসাহিত্যিক আহমাদ মাযহার, চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র গবেষক ও লেখক অধ্যাপক ফাহমিদুল হক, গ্রন্থটির প্রকাশনা সংস্থা ‘কথাপ্রকাশ’ এর স্বত্বাধিকারী ও প্রকাশক জসিম উদ্দিন এবং লেখক বেলায়াত হোসেন মামুন।

চলচ্চিত্রের ইতিহাস নির্ভর বইটি প্রসঙ্গে বেলায়াত হোসেন মামুন গ্লিটজকে বলেন, ‘বইটিতে বর্ণিত ইতিহাসের সময়কাল শুরু হয় অবিভক্ত ভারতের পূর্ব বাংলায়। চলমান চিত্রের এই বহমান ধারা বয়ে চলে পূর্ব-পাকিস্তান হয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বর্তমান পর্যন্ত। এই বইয়ে চলচ্চিত্রের যে সংক্ষিপ্ত ইতিহাস লিপিবদ্ধ হয়েছে তা মূলত পূর্ব-বাংলা বা বাংলাদেশের। বইটির চরিত্র হয়ে উঠেছে বাংলা ভাষার চলচ্চিত্রকালের মানচিত্রস্বরূপ। বইটি পাঠে চলচ্চিত্রে বাংলা ভাষার উত্তরাধিকার হিসেবে সত্যজিৎ রায়ের রবীন্দ্রনাথ, ঋত্বিক ঘটকের ভাঙা বাংলার অস্থি-সন্ধান এবং মৃণাল সেনের চেতনা প্রবাহ আবিষ্কারের অভিযান দেখতে পাওয়া যায়।’

শুধু তাই নয়, বইটিতে লেখক মামুন বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস, মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে মুক্তির খোঁজ, চলচ্চিত্র সংসদ আন্দোলনের ত্রি-কালের অভিমুখসহ জহির রায়হান, বাদল রহমান, তারেক মাসুদ, তানভীর মোকাম্মেল ও মোরশেদুল ইসলামের কাজের, চিন্তার এবং তৎপরতার সমালোচনামুখর আলোচনায় নতুন ভঙ্গি ও চিন্তার বাঁক উপহার দিয়েছেন।

মামুন গ্লিটজকে আরও বলেন, ‘সন্দেহ নেই সচেতন পাঠককে বইটি পাঠ করতেই হবে। কেননা, ভাবনায় শক্তিশালী অথচ সহজ ভাষার এমন চিত্ররূপময় চলচ্চিত্রের চিন্তাসমগ্র বিরলতম অভিজ্ঞতা সঞ্চার করবে।’

নির্মাতা জানান, সোহরাওয়ার্দী উদ্যানে মেলার প্রবেশপথে ডান পাশে ‘কথা প্রকাশ’ প্রকাশনীর ১৫-১৭৮ স্টলে পাওয়া যাবে বইটি।