ছেঁড়া জুতো পরতেন জেনিফার লোপেজ!
অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজকে এ সময়ের অন্যতম ধনী তারকা হিসেবেই চেনেন সবাই। তবে শৈশবে বেশ অর্থকষ্টেই বড় হয়েছেন এ তারকা।
এ মুহূর্তে জেনিফার লোপেজের বার্ষিক আয় প্রায় তিন কোটি মার্কিন ডলার। অভিনয় ও গানের বদৌলতে এ সময়ের অন্যতম ধনী তারকা হিসেবেই সুখ্যাতি রয়েছে তার।
সম্প্রতি নিজের জুতার ব্র্যান্ড ‘জুইসেপে জানোত্তি’র উদ্বোধনীতে শৈশবের অর্থকষ্টের কথা জানান জেনিফার। তিনি বলেন, “আজকে হয়ত আমার জীবনে কোনো অভাব নেই। কিন্তু এক সময় আমার জুতার তলায় ছিদ্র থাকতো। ফুটোওয়ালা জুতা পরেই জীবন পার করতে হয়েছে আমাকে। সে সময়ের কথা আমি কখনো ভুলি না।”
জেলো আরও বলেন, “আজ আমি আমার নিজের জুতার কোম্পানি খুলছি। তাই শৈশব ও কৈশরের সেই কষ্টগুলোর কথা অনেক মনে পড়ছে। আজ আমি অনেক সফল; সেজন্য নিজেকে ভাগ্যবতী মনে করি।”
এ সময় নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান এ অভিনেত্রী। তিনি বলেন, “আমার পরিবার আমার বড় শক্তি। তারা ছিলো বলেই আজ আমি এখানে। আমি যখন পেছন ফিরে দেখি, তখন আমি আমার জীবনে পরিবারের মানুষগুলোর অনেক অবদান দেখতে পাই।”
