২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্ডালোর নতুন মিউজিক ভিডিও ‘প্লাস্টিক!

পহেলা ফাল্গুনে ভক্তদের ভালোবাসা দিবসের উপহার দিতে যাচ্ছে ব্যান্ড দল ইন্ডালো। সোমবার সন্ধ্যায় গ্লিটজকে এমন খবর শোনালেন দলের গায়ক জন কবির নিজেই।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 08:02 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

গ্লিটজকে তিনি বলেন, “পহেলা ফাল্গুনে আমরা শ্রোতাদের আমাদের নুতন অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিও ‘প্লাস্টিক’ উপহার দিতে যাচ্ছি। এই মিউজিক ভিডিওটি আমরা দলের সবাই মিলে নির্মাণ করেছি। এটি নির্মাণে খুব কাছের একজন ছোট ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন।”

ইন্ডালোর মিউজিক ভিডিও মানেই নতুনত্বের ছোঁয়া। সেক্ষেত্রে নতুন এই মিউজিক ভিডিওটি নতুন কী থাকছে জানতে চাইলে গ্লিটজকে জন বলেন,“মিউজিক ভিডিওটি খুবই ডার্ক। আজ থেকে প্রায় ২৫-৩০ বছর আগে যেমন ধরনের মিউজিক ভিডিও নির্মাণ করা হত, হয়ত সেই ধরনের একটা ফ্লেভার মিউজিক ভিডিওতে থাকবে। আমরা মূলত সেই অনুভূতিটাই দেওয়ার চেষ্টা করেছি।”

তিনি আরও বলেন,“মিউজিক ভিডিওতে একটি সময় ফুটে উঠেছে। আমরা যতক্ষণ পর্যন্ত মিউজিক ভিডিওটি প্রকাশ না করছি এবং ইন্ডালোর ভক্ত ও অন্যান্যরা মিউজিক ভিডিওটি না দেখছেন ততক্ষণ পর্যন্ত মিউজিক ভিডিওটির সবকিছুই গোপন রাখতে চাইছি।”

মিউজিক ভিডিওতে ইন্ডালোর ভক্তদের জন্য বিশেষ কোনো বার্তা রয়েছে কিনা এমন প্রশ্নে একটু কৌশলী উত্তর দিলেন জন কবির।

সম্প্রতি সাভারে দলের এক সদস্যের খামার বাড়িতে সম্পন্ন হয়েছে মিউজিক ভিডিওটির দৃশ্যধারনের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে মিউজিক ভিডিওটি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফাল্গুনের সন্ধ্যায় ইন্ডালো ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব পেইজে প্রকাশ করা হবে। গ্লিটজকে এমনটাই নিশ্চিত করেছেন জন।