শেষ হচ্ছে শিশু চলচ্চিত্র উৎসব
সোমবার শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের ১০ম আসর। সপ্তাহব্যাপী এ আয়োজনে সারাদেশের মোট ১১টি ভেন্যুতে ৫৪টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগানে গত ২৪ জানুয়ারি শুরু হয় ১০ম বারের মতো আয়োজিত শিশুতোষ চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। সপ্তাহব্যাপী নানা আয়োজনে শিশুদের পদচারণায় মুখর এ কোলাহল থামছে সোমবার।
উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এদিন বিকেল ৫টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে। অনুষ্ঠানে সকল বিভাগের প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ্ আবু সায়ীদ। আরও উপস্থিত থাকবেন উৎসবের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার, ‘চিলড্রেনসফিল্ম সোসাইটি বাংলাদেশ’এর সভাপতি ড.মুহাম্মদ জাফর ইকবাল, ‘চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ’এর সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী, ‘চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ’এর প্রতিষ্ঠাতা ও উৎসব উপদেষ্টা মোরশেদুল ইসলাম এবং উৎসব পরিচালক আবীর ফেরদৌস।
এবারের আয়োজনে অন্যতম আকর্ষণীয় বিভাগ ছিলো বাংলাদেশী শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগটি। এই বিভাগে এবার ৬০টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত ২১টি ছবি প্রদর্শিত হচ্ছে। এই ২১টি চলচ্চিত্রের মধ্যে ৫টি ছবি পাবে পুরস্কার। পুরস্কার হিসেবে থাকছে ক্রেষ্ট, সার্টিফিকেট ও আর্থিক প্রণোদনা। পুরস্কারের জন্য গঠিত ৫সদস্যের জুরি বোর্ডের সবাই শিশু কিশোর, অর্থাৎ ছোটরাই বাছাই করছে তাদের নির্মিত শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো।
এবারের উৎসবে প্রথমবারের মত থাকছে ‘চাইল্ড ফিল্ম মেকার সেকশন (ইন্টান্যাশনাল)’ বিভাগে পুরস্কার। আরো থাকছে বড়দের নির্মিত শিশুতোষ চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রতিযোগিতা। এ বিভাগে বিচারকের দায়িত্ব পালন করছেন ভারতের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন’এর শিক্ষক শেখর মুখার্জী, চলচ্চিত্রকার অমিতাভ রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের শিক্ষিকা সাবরিনা সুলতানা। আরও থাকছে তরুণ নির্মাতাদের জন্য ইয়াং বাংলাদেশি ট্যালেন্ট এ্যাওয়ার্ড ও সোস্যাল ফিল্মএ্যাওয়ার্ড।
উৎসবের দিনগুলোতে প্রতিটি ভেন্যুতে, প্রতিটি প্রদর্শণীতে শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য বিভিন্ন স্কুল ও কলেজ কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানায় উৎসব কর্তৃপক্ষ। তাদের উপস্থিতিতে চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র বিষয়ক সেমিনার ও কর্মশালাও অনুষ্ঠিত হয়।
রোববার জাতীয় গ্রন্থাগারের সেমিনার হলে দিনব্যাপী ক্ষুদে নির্মাতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কর্মশালা। এর নির্দেশনায় ছিলেন ভারতের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন’এর অধ্যাপক শেখর মুখার্জী। তিনি কর্মশালায় এনিমেশন চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। উৎসব প্রাঙ্গণ আজ মুখরিত ছিল বিভিন্ন স্কুলের শিশুদের পদচারণায়। উৎসবের স্কুলটিমের নেতৃত্বে আমন্ত্রিত স্কুলগুলো হলো- নিউ মডেল বহুমুখী বিদ্যালয়, বিদ্যানন্দ বিদ্যালয়, আমাদের পাঠশালা, এল ডোরেডো ইংলিশ মিডিয়াম স্কুল।
উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রনে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি) থেকে আগত ১০ জন প্রতিবন্ধী শিশু প্রদর্শনী উপভোগ করে।
পরবর্তীতে ‘চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ’এর আমন্ত্রিত বিদেশী প্রতিনিধিদের সাথে এক আনন্দদায়ক নৈশভোজে অংশগ্রহণ করেন ক্ষুদে নির্মাতারা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানে এ উৎসব আয়োজনে সহযোগিতা করছে এটু আই ও ব্রিটিশ কাউন্সিল।এছাড়াও সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ভেন্যু পার্টনার হিসেবে থাকছে আলিয়াস ফ্রঁসেজ,গ্যোয়েটে ইনস্টিটিউট ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। ঢাকার বাইরে রংপুরে উৎসবটি আয়োজন করছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি,রংপুর। রাজশাহীতে উৎসবটি আয়োজন করছে চিলড্রেন্স ফিল্ম সোসাইটি, রাজশাহী।
ছবি: আয়োজকদের সৌজন্যে
