২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারা ঝলমলে এক বর্ণিল সন্ধ্যা

প্রতিবছরই বর্ষসেরা অভিনেতা-অভিনেত্রীদের পুরস্কার দিয়ে আসছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। তারই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ডস-এর ষষ্ঠ আসর।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 08:22 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

দেশসেরা তারকাদের মনোমুগ্ধকর সব পারফর্মেন্স, দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, বিশিষ্টজনদের উপস্থিতিতে প্রদান করা হল লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ড। আরটিভিতে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের শিল্পী কলা-কুশলীদের মাঝে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। পাশাপাশি প্রতিবারের মতো এবারও বিশিষ্ট একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা পদক প্রদান করা হয়। এ বছর নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারকে পদক প্রদানের মাধ্যমে এ সম্মাননা জানানো হয়।

এবারের আয়োজনে ঈদ উপলক্ষে নির্মিত লাক্স সৌরভের গল্প সিরিজের ‘মন তার শঙ্খীনি’ নাটকের জন্য অভিনেতা শাহাদাৎ হোসেন এক ঘণ্টার নাটক ও টেলিফিল্ম ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার লাভ করেন। পাশাপাশি তারিক আনাম খান দুটি ভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অভিনেতা ও বিপাশা হায়াতকে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হন।

এবারের লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ডস-এর বিশেষ আকর্ষণ ছিলো লাক্স এমার্জিং স্টার অ্যাওয়ার্ড। এবারই প্রথম এই ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কারটি জিতে নেন লাক্স তারকা, মডেল ও অভিনেত্রী নীলাঞ্জনা নীলা।

জমকালো এই সন্ধ্যা আরও বর্ণিল হয়েছে অ্যাওয়ার্ডস প্রদানের ফাঁকে ফাঁকে তারকাদের মনমাতানো সব পারফর্মেন্সে। লাক্স তারকা বিদ্যা সিনহা মীম, সাদিয়া ইসলাম মৌ-এর পাশাপাশি মঞ্চের আলো কেড়ে নেন চলচ্চিত্র তারকা পূর্ণিমা, বাপ্পী এবং মডেল ও অভিনেতা সজল। অনুষ্ঠানটি শেষ হয় জনপ্রিয় ব্যান্ড মাইলস-এর পরিবেশনা দিয়ে।     

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ও ব্যারিস্টার ফজলে নূর তাপস, এমপি।  

লাক্স আরটিভি স্টার অ্যাওয়ার্ডস ২০১৬-র কো-স্পন্সর ছিলো ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড, ড্যানিশ সিমলা চা, মধুমতি ব্যাংক লিমিটেড, সিম্ফনি, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানটির ডায়মণ্ড পার্টনার ছিলো পূরবী জুয়েলার্স ও বিউটি পার্টনার ছিলো পারসোনা।