২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সিনেমার ঘোষণা দিলেন মামুন

ঈদুল ফিতর উপলক্ষ্য নতুন সিনেমা নির্মাণ করছেন অনন্য মামুন। রোববার বিকেলে গ্লিটজকে এমন খবরই শোনালেন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 06:47 PM

Updated : 11 Apr 2022, 10:54 PM

গ্লিটজকে মামুন বলেন, “আসছে রোজার ঈদে ঢাকাই সিনেমাপ্রেমীরা আমার নতুন সিনেমা ‘ময়না’ উপহার পেতে যাচ্ছেন। রোমান্টিক-কমেডি ঘরানার কাহিনির সিনেমাটির চিত্রনাট্যের কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে। তবে চিত্রনাট্য কার লেখা ও সিনেমায় নায়ক ও নায়িকা কারা থাকছেন তা এই মূর্হূতেই চূড়ান্তভাবে জানাতে চাইছি না। কারন আমি চাই সিনেমার নায়ক-নায়িকা কারা হচ্ছেন তা এখন একটু রহস্যাবৃতই থাকুক।”

নায়ক-নায়িকার নাম না বললেও তাদের একজন ওপার বাংলার হতে যাচ্ছেন, এমনটাই জানালেন ‘অস্তিত্ব’ খ্যাত এই নির্মাতা।

তিনি বলেন, “সিনেমাটি সর্ম্পূণ দেশীয় প্রযোজনায় নির্মিত হচ্ছে। এটা যৌথ প্রযোজনার সিনেমা নয়। আমরা দেশীয় প্রযোজনায় নির্মিত সিনেমা দিয়ে এবারের ঈদে প্রতিযোগিতায় নামতে চাই। অন্যদিকে সিনেমায় যারা জুটিবেঁধে অভিনয় করছেন তাদের উভয়ের সঙ্গেই প্রাথমিক আলোচনা ইতমধ্যে সম্পন্ন হয়েছে। তবে সিনেমায় নায়ক কলকাতার ও নায়িকা বাংলাদেশের থাকছেন।”

তাহলে ‘ময়না’ সিনেমার নায়ক-নায়িকার এই জুটিতে টালিগঞ্জের দেব কিংবা জিতের বিপরীতে ঢাকার মাহিয়া মাহি, পরী কিংবা বুবলী থাকতে পারেন- এমন গুজবই রটেছে সিনেপাড়ায়। তবে মামুন এব্যপারে মুখে কুলুপই এঁটে রইলেন।

তিনি বলেন, “এই সিনেমায় নায়কের ক্ষেত্রে জিৎ নাকি দেব থাকছেন, তা সময় হলেই সবাই দেখতে পারবেন। তবে এই সিনেমায় টালিগঞ্জের এ গ্রেডের একজন নায়কের বিপরীতে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় নায়িকা থাকছেন এটা নিশ্চিত।”

‘ময়না’ সিনেমাটি নির্মাণ করছেন প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া।

সবকিছু ঠিক থাকলে মার্চ মাস থেকেই শুরু হবে ‘ময়না’ সিনেমার দৃশ্যধারণের কাজ। সিনেমার দৃশ্যধারনের কাজ বাংলাদেশের বিভিন্ন লোকেশনে হলেও গল্পের প্রয়োজনে সিনেমার গানের দৃশ্যধারনের কাজ দেশের বাইরে করা হতে পারে। তবে এই সিনেমায় কোনো আইটেম গান থাকছেনা বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন মামুন।