‘পদ্মাবতী’র সেটে হামলা, লাঞ্ছিত পরিচালক
ভারতের জয়পুরে সঞ্জয় লীলা বনসালির ইতিহাসনির্ভর সিনেমা ‘পদ্মাবতী’র শুটিং সেটে হামলা করেছে হিন্দুত্বাদী দল শ্রী রাজপুত করনি সেনা। ‘পদ্মাবতী’তে ইতিহাস বিকৃত করা হয়েছে এমন অভিযোগে এ হামলা চালায় তারা।
দীপিকা পাড়ুকোন, শহীদ কাপুর ও রানভির সিং অভিনীত ‘পদ্মাবতী’ সিনেমার গল্প সাজানো হয়েছে মধ্যযুগের মুসলিম শাসক আলাউদ্দিন খিলজী ও রানী পদ্মিনী’র প্রেমকাহিনী নিয়ে। রাজস্থানে জয়পুরে এ ছবির শুটিং চলালে স্থানীয় সংগঠন ‘শ্রী রাজপুত করনি সেনা’ দলের তোপের মুখে পড়লেন ছবির কলাকুশলীরা।
শুক্রবার জয়গড় দুর্গে ‘পদ্মাবতী’ সিনেমার শুটিং সেটের কাছে আন্দোলন করে করনি সেনা দলের সদস্যরা। এ সময় জয়পুরে এ ছবির শুটিং করা যাবে না বলেও হুমকি দেয় তারা। পরিচালক সঞ্জল লীলা বনসালি তাদের বাঁধা দিতে গেলে আন্দোলনকারীদের হাতে লাঞ্ছিত হন তিনি।
এ সময় বনসালীকে চড়-থাপ্পর ও ঘুষি মারে করনি সেনাদলের সদস্যরা। এ সময় ছবির সেটে হামলা চালিয়ে ক্যামেরাসহ অন্যান্য মুল্যবান জিনিসপত্র নষ্ট করেছে আন্দোলনকারীরা।
করনি সেনা দলের সদস্য বিবেক সিং বলেন, “আমরা প্রথম থেকেই এ ছবির পুরো চিত্রনাট্যটি চেয়ে এসেছি পরিচালকের কাছে। কিন্তু তিনি আমাদের তা দেননি। এ ছবিতে রানী পদ্মিনীর সঙ্গে আলাউদ্দিন খিলজির প্রেম দেখানো হয়েছে যা সত্যি নয়। এর মাধ্যমে রানি পদ্মিনীকে অসম্মান করা হচ্ছে যা আমরা মেনে নিতে পারি না।”
এর আগে আশুতোষ গোয়াড়িকরের ‘যোধা-আকবর’ সিনেমা নিয়েও প্রতিবাদ জানিয়েছিল দলটি।
এদিকে হামলার শিকার ক্রুদ্ধ পরিচালক বনসালী জানিয়েছেন, জয়পুরে আর কখনোই শুটিং করবেন না তিনি। মুম্বাইতে সেট বানিয়ে ছবির বাকি অংশের শুটিং করবেন বলেও ঘোষণা দেন এ প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা।
