‘কাবিল’কে হারিয়ে বক্স অফিসে ‘রইসে’র আধিপত্য
প্রথম দিনের হিসেবে শাহরুখ খান অভিনীত ‘রইস’ দ্বিগুণ আয়ে এগিয়ে আছে হৃতিক রোশন অভিনীত ‘কাবিল’-এর চেয়ে।
২৫ জানুয়ারি ভারতে একইসঙ্গে মুক্তি পেয়েছে হিন্দি সিনেমার বড় দুই তারকা শাহরুখ খান এবং হৃতিক রোশন অভিনীত দুই ছবি ‘রইস’ আর ‘কাবিল’। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, প্রথম দিন সিনেমাদুটি আয় করেছে যথাক্রমে ২০ কোটি ৪২ লাখ রুপি ও ১০ কোটি ৪৩ লাখ রুপি। অর্থাৎ প্রথম দিনের ব্যবসায় এগিয়ে আছে রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’ই।
অনেকদিন ধরেই বড় দুই তারকার বক্সঅফিস সংঘর্ষকে ঘিরে বলিউডে যেন বাজছিল যুদ্ধের দামামা। সেই যুদ্ধে এবার অনেকটাই এগিয়ে গেলেন শাহরুখ খান।
২০১৬ সালের ঈদেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘রইস’-এর। কিন্তু সালমান খান-এর ‘সুলতান’-এর সঙ্গে টক্কর এড়াতে ২০১৭ সালের প্রথম ভাগকেই বেছে নেন শাহরুখ। তবে এতে করে হৃতিক রোশন-এর ‘কাবিল’-এর সঙ্গে একই দিনে মুক্তির তারিখ ঠিক হয় ‘রইস’-এর।
‘রইস’-এ শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন পাকিস্তানি শিল্পী মাহিরা খান। গুজরাতি এক মদ ব্যবসায়ীর জীবন নিয়ে তৈরি সিনেমাটি গ্যাংস্টার থ্রিলার ঘরানার। এতে আরও অভিনয় করেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি।
‘কাবিল’-এ হৃতিকের চরিত্রটি স্ত্রীর মৃত্যুতে প্রতিশোধ পরায়ন এক অন্ধ যুবকের। তার বিপরীতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। সিনেমাটির পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্ত।
