বোধিসত্ত্ব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘জন্মসাথী’
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামান্যচিত্রের পুরস্কার জয়ের পর ‘জন্মসাথী’ এবার যাচ্ছে পাটনায় বোধিসত্ত্ব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
মঙ্গলবার দুপুরে গ্লিটজকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রামান্যচিত্রটির নির্মাতা শবনম ফেরদৌসী। তিনি জানান, ‘জন্মসাথী’ ছাড়াও এ উৎসবে যোগ দিচ্ছে বাংলাদেশের তিনটি ছবি।
সদ্য সমাপ্ত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা প্রামান্যচিত্রের স্বীকৃতি পেয়েছে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের যুদ্ধশিশুদের নিয়ে নির্মিত প্রামান্যচিত্র জন্মসাথী। এমন সংবাদের রেশ না কাটতেই নতুন খবর দিলেন নির্মাতা। তবে গ্লিটজের সঙ্গে আলাপকালে বুধবার বিকেলে দুটি বিষয় নিয়েই প্রতিক্রিয়া জানালেন নির্মাতা ।
বললেন, “আমার খুব আগ্রহ ছিলো বিদেশি নির্মাতা সমালোচকরা আমাদের যুদ্ধশিশুদের উপর নির্মিত এ প্রামান্যচিত্রটি দেখে কী বলেন তা জানার। উৎসবে প্রত্যাশার বাইরেও রেসপন্স পেয়েছি জুরিদের কাছ থেকে। তারা স্পেশাল স্ক্রিনিং করে প্রামান্যচিত্রটি দেখেছেন। অনেকে কেঁদেছেনও। বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে এর প্রদর্শনে উদ্যোগী হবেন তারা। উৎসবে সেরা স্বীকৃতি প্রাপ্তিটা তাই অন্যরকমই ছিলো।”
তিনি আরও বলেন, “এবার পাটনায় বোধিসত্ত্ব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দশটি আন্তর্জাতিক প্রামান্যচিত্রের মধ্যে একটি নির্বাচিত হয়েছে ‘জন্মসাথী’। উৎসবে বাংলাদেশের আরও তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ‘জন্মসাথী’ প্রদর্শনের দিন আমি উপস্থিত থাকছি উৎসবস্থলে।”
১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে পাটনায় বোধিসত্ত্ব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আটদিনের এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে নির্বাচিত বাকি তিনটি চলচ্চিত্র হলো রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডারকনস্ট্রাকশন’, তাসমিয়া আফরিন মৌ পরিচালিত ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’ ও খন্দকার সুমনের ‘পৌনঃপুনিক’।
চলচ্চিত্র উৎসবটিতে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন আদুর গোপালকৃষ্ণণ, শ্যাম বেনেগাল, অনুরাগ কাশ্যপ, বুদ্ধদেব দাশগুপ্ত, শত্রুঘ্ন সিনহা ও গৌতম ঘোষসহ বিখ্যাত ভারতীয় নির্মাতারা।
