২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইমনের ‘জল শ্যাওলা’

ঢালিউডের বাণিজ্যিক সিনেমায় নিয়মিত মুখ হলেও এবার বিকল্প ধারার সিনেমা ‘জল শ্যাওলা’তে অভিনয় করতে যাচ্ছেন সাইমন সাদিক।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2017, 06:42 PM

Updated : 11 Apr 2022, 10:50 PM

বুধবার বিকেলে গ্লিটজকে এমন খবরই শোনালেন জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ খ্যাত এই অভিনেতা।

তিনি বলেন, “অভিনয়ের ক্ষেত্রে সবসময় বাণিজ্যিক সিনেমাতেই একজন অভিনেতাকে অভিনয় করতে হবে আমি কখনোই এমনটি ভাবি না। কারণ একজন অভিনেতা হিসেবে আমার একমাত্র লক্ষ্য ভালো গল্পের ভালো সিনেমায় কাজ করা। তবে আমি যে ধরনের গল্পের সিনেমাতেই কাজ করি না কেন পর্দায় আমাকে সঠিকভাবে উপস্থাপন করাটা সেই সিনেমার নির্মাতার দায়িত্ব।”

সিনেমায় একজন ডিবি অফিসারের ভূমিকায় অভিনয় করছেন সাইমন। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন নবাগত মানসী প্রকৃতি।

গল্প নির্ভর সিনেমায় প্রথমবারের মত অভিনয় করছেন সাইমন সাদিক। কিন্তু শুরুতেই শিশুতোষ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সেই যাত্রা কেন শুরু হলো?

গ্লিটজকে তিনি বলেন, “ভিন্ন ও ভালো গল্পের সিনেমায় অভিনয়ের ইচ্ছে আমার বহুদিন ধরেই ছিলো। যখন এই সিনেমার গল্প শুনলাম তখন আমার কাছে এই সিনেমার কাহিনি খুবই ভালো লেগেছে। তখনই সিদ্ধান্ত নিলাম এই সুযোগটি লুফে নিতে হবে। কারন এই সিনেমার গল্প যেসব শিশুদের ঘিরে তারা সমাজের সুযোগ-সুবিধা বঞ্চিত। তাদেরকে আমরা পথশিশু বলে থাকি। কিন্তু যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো তাদের ভিতরেও অনেক মেধা রয়েছে। সেই মেধা সুযোগের অভাবে আমাদের সমাজে বিকশিত হচ্ছে না। কিন্তু তাদেরকে যদি সঠিকভাবে গ্রুমিং করানো যায় তাহলে এই সব পথশিশুদের রাষ্ট্রের ও সমাজের বৃহৎ স্বার্থে কাজে লাগানো সম্ভব হবে।”

টাইমস ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেডের প্রযোজিত ‘জল শ্যাওলা’ সিনেমাটি নির্মাণ করছেন জেসমিন আক্তার নদী। সিনেমার কাহিনি লিখেছেন আসাদুজ্জামান বাবলু। আর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তারিকুল ইসলাম ভূইয়া।

‘জল শ্যাওলা’ সিনেমায় অন্যান্যদের মধ্যে আরোও অভিনয় করছেন পীযুষ বন্দোপ্যাধায়, রেহেনা জলি, রিপন সীমান্ত প্রমুখ।