জেইমি ফক্সকে যখন বের করে দিল রেস্টুরেন্ট কর্তৃপক্ষ
অস্কার এবং বাফটার মতো বড় বড় পুরস্কার আছে তার ঝুলিতে। একাধিক নামকরা নির্মাতার সিনেমায় অভিনয় দিয়ে তিনি রেখেছেন প্রতীভার স্বাক্ষর। সেই জেইমি ফক্সকেই কিনা গলাধাক্কা খেয়ে বের হতে হলো রেস্টুরেন্ট থেকে!
ঘটনাটি ঘটেছে লস এঞ্জেলসের একটি রেস্টুরেন্টে, যেখানে জেইমির সঙ্গে উপস্থিত ছিলেন তার আরও কয়েকজন বন্ধু। তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, উচ্চস্বরে কথা বলছিলেন তারা। প্রথমে তাদেরকে সতর্ক করার পরও আওয়াজ না কমলে রেস্টেুরেন্ট কর্তৃপক্ষ তাদের বের করে দিতে বাধ্য হয় বলে জানিয়েছে টিএমজি।
প্রত্যক্ষদর্শীরা বলছে, রেস্টুরেন্টে খেতে আসা একজন জেইমিদের দিকে তেড়ে গিয়ে বলেন, “আমার সঙ্গে ঝামেলা করবে না। আমি নিউিইয়র্ক থেকে এসেছি।”
জেইমির এক কমেডিয়ান বন্ধু তখন বলে ওঠেন, “চুলোয় যাও তুমি। আমি ওকল্যান্ড-এর।”
টিএমজি আরও বলছে, এরপরই নাকি ওই লোকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন জেইমি এবং তার বন্ধুরা। ওই লোককে গলা চেপে ধরে মাটিতে জেইমি শুইয়ে দেন বলেও অভিযোগ পাওয়া গেছে। ওই সময় রেস্টুরেন্টটিতে ছিলেন জেরি ব্রুকহেইমার, মাইকেল বের মতো তারকারা।
জেইমি ফক্স পরবর্তীতে ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন ঘটনাটি ঘিরে নিজের বক্তব্য তুলে ধরার জন্য।
সেখানে তিনি বলেন, “সব কথা পরিস্কার হওয়া প্রযোজন। আমরা সবাই কি মিলেমিশে থাকতে পারি না? কিসের এতো পূর্ব-পশ্চিম? এসব যখন পেছনে ফেলে সামনে এগোবো, তখন কেবল ভালোবাসাই পাওয়া যাবে।”
২০০৪ সালের বায়োপিক ‘রে’ তে অভিনয়ের জন্য একইসঙ্গে অস্কার, বাফটা এবং গোল্ডেন গ্লোব জিতে নিয়েছিলেন জেইমি ফক্স। পরবর্তীতে তার অভিনয় প্রসংশিত হয়েছে ‘জ্যাঙ্গো আনচেইন্ড’-এর মতো সিনেমাতেও।
