২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়াঙ্কা যখন মেরিলের ভক্ত

তার অভিনয়ের ভক্ত ছড়িয়ে আছে গোটা দুনিয়া জুড়েই। কিন্তু রোববার রাতের পর থেকে মেরিল স্ট্রিপ-এর প্রজ্ঞা আর বাগ্মীতার প্রশংসায় আরও একবার সরব হয়েছে বিনোদন জগৎ। গোল্ডেন গ্লোব-এর মঞ্চে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আসর মাতানো এক বক্তব্য দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। ওই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ভারতীয় এই অভিনেত্রী দারুনভাবে অনুপ্রাণিত হয়েছেন বক্তব্যটির মাধ্যমে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 08:52 PM

Updated : 11 Apr 2022, 10:46 PM

অনুষ্ঠানের এক ফাঁকে তিনবারের অস্কারজয়ী এই অভিনেত্রীর সঙ্গে একটি সেলফি তোলার সুযোগ হয় প্রিয়াঙ্কার। সোনালি সান্ধ্যপোশাকে যিনি নিজে নজর কেড়েছেন সবার, সেই প্রিয়াঙ্কাই এসময় যেন হয়ে যান মেরিল-এর মন্ত্রমুগ্ধ ভক্ত।

ট্রাম্পের অভিবাসননীতির বিরোধীতা এবং ঘৃণাকে মুছে ফেলার আহ্বান জানানো মেরিল-এর বক্তব্য শেষ হয় সদ্য প্রয়াত মার্কিনি অভিনেত্রী ক্যারি ফিশারের উক্তি দিয়ে। ‘প্রিন্সেস লেইয়া’র সেই উক্তিটি ছিল, ‘যখন তোমার হৃদয় ভেঙে যাবে, তখনই শিল্প রচনা কর।”

ওই উক্তিকে উদ্ধৃত করে ইন্সটাগ্রামে মেরিল-এর সঙ্গে নিজের সেল্ফি পোস্ট করার সময় প্রিয়াঙ্কা লিখেন, “এই রাতের ইতি টানছি আমার সবচেয়ে প্রিয় মেরিল স্ট্রিপ-এর উদ্ধৃতি দিয়ে, ‘হোয়েন ইউ হ্যাভ আ ব্রোকেন হার্ট, মেইক আর্ট!’ তুমি অসাধারণ! #ফ্যানগার্ল”

মেরিল স্ট্রিপ-এর বক্তব্যটি সামাজিক যোগাযোগের মাধ্যমে এমনভাবে ঝড় তুলেছে যে, স্বয়ং ডোনাল্ড ট্রাম্প এই বক্ত্যবের প্রতিক্রিয়া দিতে বাধ্য হয়েছেন। মেরিলকে তিনি অভিহিত করেছেন ‘অতিমূল্যায়িত অভিনেত্রী’ এবং ‘হেরে যাওয়া হিলারি-সমর্থক’ হিসেবে।