মেরিল স্ট্রিপকে ‘অতিমূল্যায়িত অভিনেত্রী’ বললেন ট্রাম্প!
তিনবার জিতেছেন অস্কার, আটবার গোল্ডেন গ্লোব। মেরিল স্ট্রিপকে বলা হয়ে থাকে সর্বকালের সেরা অভিনয়শিল্পীদের একজন। সেই তাকেই কিনা ‘অতিমূল্যায়িত অভিনেত্রী’ বলে বসলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!
রোববার রাতে ৭৪ তম গোল্ডেন গ্লোব-এর আসরে এই কিংবদন্তী অভিনেত্রীর হাতে তুলে দেওয়া হয় সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড। পুরস্কার গ্রহণকালে মেরিল দেন এক জাদুকরী বক্তব্য, মুহূর্তেই যার ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমে।
নিজের বক্তব্যে একবারও ট্রাম্পের নাম উল্লেখ না করলেও এর বিষয়বস্তু পুরোপুরি ছিল ট্রাম্পবিরোধী।
‘সোফি’জ চয়েস’ খ্যাত এই অভিনেত্রীর বক্তব্য শুনে যারপরনাই চটেছেন ট্রাম্প। এবং নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গীতে মেরিলকে নিয়ে লিখেছেন একটি টুইটার পোস্ট।
সেখানে তিনি লিখেন, “মেরিল স্ট্রিপ, হলিউডের অন্যতম অতিমূল্যায়িত অভিনেত্রী, যিনি কি না আমাকে চেনেনও না, গতকাল রাতে গোল্ডেন গ্লোব-এর আসরে আমাকে আক্রমণ করে বসলেন! তিনি হলেন একজন হিলারিসমর্থক, যিনি বড় ধরণের হারের মুখোমুখি হয়েছেন।”
তিনি আরও লিখেন, “একশতবারের মতো বলছি, আমি কখনোই একজন প্রতিবন্ধি রিপোর্টারকে বিদ্রুপ করিনি। সে কেবল আমার সামনে নতজানু হয়েছিল যখন ১৬ বছরের পুরানো একটা প্রতিবেদন, যেটি কিনা সে আমাকে খারাপ বানানোর উদ্দেশ্যে লিখেছিল, সেটা যখন সে পুরিপুরি উল্টে দিল। সোজা ভাষায় অসৎ গণমাধ্যমের কাজ।”
২০১৫ সালের একটি নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সার্জ কোভাল্স্কির নকল করে দেখান, শারীরিক প্রতিবন্ধকতার জন্য যিনি তার একটি হাত নাড়াতে পারেন না।
ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি কটাক্ষ করে এ অভিনেত্রী আরও বলেন, “হলিউড এখন বহিরাগত ও বিদেশীদের দখলে। এই বহিরাগতরা কারা? হলিউডই বা কী? অভিনেত্রী এমি অ্যাডামস জন্মেছেন ইটালিতে, নাটালি পোর্টম্যান জন্মেছেন জেরুজালেমে। অভিনেতা রায়ান গসলিঙ একজন কানাডিয়ান, দেব প্যাটেল ভারতীয় বংশোদ্ভূত। এরা সবাই বিদেশি ও বহিরাগত। এদের সবাইকে যদি হলিউড থেকে বের করে দেয়া হয় এরপর তবে ফুটবল ম্যাচ ও মার্শাল আর্ট ছাড়া মার্কিনিদের আর কিছুই দেখার থাকবে না!”
মেরিল স্ট্রিপ-এর এই বক্তব্যকে সমর্থন করেছেন এলেন ডিজেনারেস, শ্যারন স্টোন, জেমস উড এবং প্রিয়াঙ্কা চোপড়াদের মতো তারকারা।
